নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়ে সেনাবাহিনী ও আন্দোলনকারীদের আলোচনা
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়ে সেনাবাহিনী ও আন্দোলনকারীদের আলোচনা
টাইমস এক্সপ্রেস ২৪ | আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগের বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে ফের আলোচনায় বসেছে দেশটির সেনাবাহিনী। সম্প্রতি টানা বিক্ষোভ ও সহিংসতায় ৩০ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হওয়ার পর প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন।
কাঠমান্ডু ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বলবৎ রয়েছে। দোকানপাট, স্কুল ও কলেজ বন্ধ থাকলেও কিছু জরুরি সেবা চালু হয়েছে। তবে চলাচলে বেশির ভাগ সময় নিষেধাজ্ঞা থাকছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। ২০১৬ সালে নেপালের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। আন্দোলনকারীদের একটি অংশ তাকে সৎ, নির্ভীক ও উপযুক্ত নেতা হিসেবে সমর্থন জানালেও কিছু মতভেদ রয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ৭৩ বছর বয়সী কার্কি ইতোমধ্যে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। তবে তাকে নিয়োগ দেওয়ার জন্য সাংবিধানিক পথ খোঁজা হচ্ছে। সর্বসম্মতির ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছতে চান আন্দোলনকারীরা।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বসনেত বলেছেন, “প্রাথমিক আলোচনা চলছে এবং আজও তা চলবে। আমরা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”
অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন—তা নিয়েই এখন দেশটির রাজনৈতিক অঙ্গনে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু।

কোন মন্তব্য নেই