চমক দিলেন নিশো, আসছে রেদোয়ান রনির নতুন ছবি ‘দম’
চমক দিলেন নিশো, আসছে রেদোয়ান রনির নতুন ছবি ‘দম’
টাইমস এক্সপ্রেস ২৪ | ফিচার ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০০:৩০
সপ্তাহ না পেরোতেই আবারও দর্শকদের চমকে দিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ভিকি জাহেদ পরিচালিত সিরিজ ‘আকা’ এখনো আলোচনায়, এর মাঝেই নতুন খবর এসেছে তার পরবর্তী কাজ নিয়ে।
পরিচালক রেদোয়ান রনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন, যা মূলত তার আসন্ন সিনেমা ‘দম’–এর শুটিং লোকেশনের। ছবিগুলোতে দেখা যায়, নিশো কখনো পাথরে হেলান দিয়ে বসে আছেন, আবার কখনো হাতে কাগজ ধরে আছেন। অন্য এক ছবিতে নির্মাতা রনি ও টিমের সদস্যদেরও দেখা গেছে।
ছবির ক্যাপশনে রনি লিখেছেন— “দমের দম পরীক্ষা চলছে।” অর্থাৎ, শুটিংয়ের প্রতিটি ধাপে যেন নিশোকে পরীক্ষা দিতে হচ্ছে।
ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভক্তদের মতে, সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও এসব ছবি নির্মাণ পর্যায়েই ‘দম’–কে আলোচনায় এনে দিয়েছে।
বাংলাদেশি সিনেমার দর্শকরা এখন অপেক্ষায় আছেন নিশোর এই নতুন চমকের জন্য।

কোন মন্তব্য নেই