লালমনিরহাটে সরকারি সার পাচারকালে আটক, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা
লালমনিরহাটে সরকারি সার পাচারকালে আটক, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা
লালমনিরহাটের পাটগ্রামে সরকারি বরাদ্দকৃত সার অতিরিক্ত দামে বিক্রির জন্য পাচারকালে এক ট্রাক ডিএনপি সার আটক করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে পাটগ্রাম পৌর শহরের বাইপাস সড়ক এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ফারুক হোসেন সরকারি দামের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সারগুলো অবৈধভাবে বিভিন্ন খুচরা দোকানে পাঠাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা সারবাহী ট্রাকটি আটক করে থানায় খবর দেন।
খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪১৬ বস্তা ডিএনপি সার জব্দ করে। স্থানীয়দের দাবি, ট্রাকটিতে ৭০০ বস্তা সার ছিল।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পান। অবৈধভাবে সরকারি সার বেশি দামে বিক্রির অপরাধে ডিলার ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও উত্তম কুমার দাশ বলেন, “সরকারি সার অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কোন মন্তব্য নেই