ঢাকা–বরিশাল রুটে ফিরছে শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঢাকা–বরিশাল রুটে ফিরছে শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ
শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ আবারও যাত্রায় ফিরছে ঢাকা–বরিশাল নৌরুটে। নদীপথের ঐতিহ্য সংরক্ষণ ও নদীভিত্তিক পর্যটন উন্নয়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর সদরঘাট থেকে ঢাকা–মুন্সিগঞ্জ রুটে ‘পিএস মাহসুদ’-এর পরীক্ষামূলক যাত্রায় অংশ নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেন বলেন,
“স্টিমারটি এখন সম্পূর্ণ প্রস্তুত। আজকের ট্রায়াল ট্রিপে যান্ত্রিক ও নেভিগেশন সক্ষমতা যাচাই করা হচ্ছে। আগামী ১৫ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এটি নিয়মিত পর্যটন সার্ভিস হিসেবে ঢাকা–বরিশাল রুটে চলবে।”
স্টিমারটিতে সংস্কার ও আধুনিকায়ন প্রক্রিয়ায় মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে ইঞ্জিন, নিরাপত্তা এবং ফায়ার সেফটি সিস্টেম সম্পূর্ণ নবায়ন করা হয়েছে। এতে রয়েছে আধুনিক কেবিন, পর্যটক-বান্ধব ডেক, ডিজিটাল নেভিগেশন ও জিপিএস ব্যবস্থা।
নিরাপত্তার জন্য যোগ করা হয়েছে লাইফ বোট, ফায়ার সেফটি সরঞ্জাম ও আন্তর্জাতিক মানের জরুরি সিস্টেম। পরিবেশবান্ধব ইঞ্জিন প্রযুক্তি ব্যবহারের ফলে নদীপথে দূষণও কমাবে স্টিমারটি। পরিচালনায় থাকবেন ২৫ জন প্রশিক্ষিত কর্মকর্তা ও নাবিক।
ড. সাখাওয়াত হোসেন আরও জানান,
“পি এস মাহসুদের পাশাপাশি পি এস অস্ট্রিচ, পি এস লেপচা ও পি এস টার্নসহ আরও কয়েকটি পুরনো স্টিমার সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য— নদীর সঙ্গে মানুষের সম্পর্ক নতুনভাবে ফিরিয়ে আনা।”
স্টিমারটি প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল এবং শনিবার বরিশাল থেকে ঢাকা রুটে নিয়মিত চলবে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) দেলোয়ারা বেগম, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মো. সলিম উল্লাহসহ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই