সুন্দর দেশ গড়তে তরুণদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হতে হবে: উপদেষ্টা শারমীন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সুন্দর দেশ গড়তে তরুণদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হতে হবে: উপদেষ্টা শারমীন
অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা ভাবতে হলে তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে নজর দিতে হবে।”
শুক্রবার ঢাকার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের অডিটরিয়ামে আয়োজিত ন্যাশনাল নিউট্রিশন ও ওয়েলনেস সামিট–এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ তরুণদের উদ্দেশ্যে বলেন, “ইসলাম আমাদের প্রথম শিক্ষা দেয়—সকলকে নিয়ে চলা, সকলকে সম্মান করা ও গ্রহণ করা। সকল ধর্মের মানুষকেই নিয়ে গড়ে উঠবে আমার বাংলাদেশ। তোমরা যারা আজ তরুণ প্রজন্ম, তাদের সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতা বৃদ্ধি করতে হবে। এতে তোমরা সমাজে নেতৃত্ব দিতে পারবে, দেশকে এগিয়ে নিতে পারবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে অর্ধেকেরও বেশি জনগণ তরুণ। তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ। ভেঙে পড়া, দুর্নীতিগ্রস্ত সমাজে নতুন করে বাঁচার ইচ্ছে ও একটি সুস্থ–সুন্দর দেশ গড়ার আকাঙ্ক্ষা থাকতে হবে।”
শারমীন মুরশিদ স্মরণ করিয়ে দেন, মুক্তিযুদ্ধের সময় তরুণরাই স্বপ্ন দেখেছিল একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশের। আজও সেই স্বপ্ন পুনরুদ্ধারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং সেরাক বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম সৈকত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়া যুব সংগঠন নিরাপদ এলায়েন্স–এর ভাইস চেয়ারম্যান ফাতিন সাদাব লিয়ান, সাধারণ সম্পাদক মাসুম মুহাম্মদ, এবং বিভিন্ন সামাজিক সংগঠন যেমন আনকোরা, মিশন গ্রীন বাংলাদেশ, হার্টওয়াইজ, নিউট্রিশন, নিউট্রিফিকেশন, ও নিরাপদ অ্যালায়েন্স–এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই