রাজশাহীতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: বাদশা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: বাদশা

একাদশ সংসদ নির্বাচনে রাজশাহীতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন রাজশাহী-২ (সদর) আসনের মহাজোট সমর্থিত প্রার্থী ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে জঙ্গি মদদদানের অভিযোগ আছে। আর জঙ্গি মদদদাতা প্রার্থীরা প্রচারে নামলে তাদের পেছনে জঙ্গিরাই দাঁড়াবে। তারা সহিংসতা করবে। তাই আমি মনে করি, রাজশাহীতে আমাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
বুধবার দুপুরে রাজশাহী সম্মিলিত আইনজীবী পরিষদের এক নির্বাচনী সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসদের এমপি প্রার্থী ফজলে হোসেন বাদশা এ কথা বলেন। রাজশাহী আদালতের ১ নম্বর বার ভবনে এ সভার আয়োজন করা হয়। 
সভায় সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেশা তালুকদার ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও উপস্থিত ছিলেন। বাদশা বলেন, রাষ্ট্র যেখানে জঙ্গিদের ব্যাপারে জিরো টলারেন্স সেখানে তাদের মদদদাতাদের নির্বাচন করতে দেয়া ঠিক হয়নি। এটা নির্বাচন কমিশন ঠিক করেনি। নির্বাচন কমিশন মারাত্মক ভুল করেছে।


রাজশাহী সদর আসনের দুইবারের এই সাংসদ বলেন, আজকে সবার কাছে জানতে চাই, জঙ্গিবাদ চান, নাকি উন্নয়ন চান? যদি উন্নয়ন চান তাহলে নৌকা মার্কায় ভোট দেবেন। আমরা নির্বাচিত হলে আমাদের প্রধানমন্ত্রী কে হবেন তা সবাই জানেন। কিন্তু বিএনপি নির্বাচিত হলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন, এ প্রশ্ন অনেকের কাছে করেছি। কেউ উত্তর দিতে পারেননি। এসময় তিনি আরও বলেন, বিগত ১০ বছরে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তা আর কখনোই হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ এক অনন্য উচ্চতায় যাবে। তাই উন্নয়নের জন্যই এই নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান আলী। বক্তব্য দেন, সাধারণ সম্পাদক একরামুল হক, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মো. ইয়াহিয়া, জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইবরাহীম হোসেন প্রমুখ। অ্যাডভোকেট মো: রাশেদুন্নবী সভা পরিচালনা করেন।


এর আগে দুপুরে ৩০নং ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী সভা করেন। মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, মতিহার থানা সম্পাদক রমজান আলী, বোয়ালিয়া থানা সদস্য ইখতিয়ার উদ্দিন জাহিদ, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি আবু বাক্কার মোল্লা, সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ। পরে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে ওয়ার্ডবাসীর দ্বারে দ্বারে নৌকা প্রতীকের জন্য ভোট চান।


এদিকে সন্ধ্যায় মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নির্বাচনি সভা করেছেন ফজলে হোসেন বাদশা। সভায় আওয়ামী লীগের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল খালেকও উপস্থিত ছিলেন। সভায় আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান হয়। সভায় আরও উপস্থিত ছিলেন, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই