রাজশাহীতে নৌকার জয়জয়কার
উন্নয়নের সঙ্গি হয়ে আবারো নৌকাতেই ভরসা রেখেছে রাজশাহীর সাধারণ মানুষ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা নৌকা প্রতীকে বিজয়ী হয়েছে। বিপুল ভোটে আবারও ভোট দিয়ে উন্নয়নের প্রতীক নৌকাকেই বিজয়ী করেছে।
রাজশাহীর ৬ টি আসনের মধ্যে চারজনই হ্যাট্রিক জয় পেয়েছে। একজন দুইবারের মতো ও নবাগন প্রার্থীও জয়লাভ করেছে। এদের মধ্যে রাজশাহীর ১-আসনে ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৪ আসনে ইঞ্জিনিয়ার এনামুল হক ও রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলম তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এছাড়া রাজশাহী-৩ আসনে অয়েন উদ্দিন দ্বিতীয়বারের মতো এবং নতুন মুখ রাজশাহী-৫ আসনে ডা. মনসুর রহমান বিজয়ী হয়েছেন।
সবচেয়ে বেশী ভোটের ব্যবধানে এবার জয় পেয়েছেন রাজশাহী-৬ আসনের প্রার্থী শাহরিয়ার আলম ও রাজশাহী-৪ আসনের প্রার্থী এনামুল হক। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এদের প্রাপ্ত ভোটের ব্যবধান দুই লাখের বেশী। আর সবচেয়ে কম ব্যবধানে বিজয়ী হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী ফজলে হোসেন বাদশা। বাদশা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিজানুর রহমান মিনুর চেয়ে ১১ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছে।
জেলা রিটর্নিং অফিসারের দফতর থেকে এখনো পূর্নাঙ্গ ফলাফল ঘোষণা না হলেও প্রার্থীদের এজেন্ট ও স্থানীয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ভোট গননা শেষে সংশ্লিষ্ট প্রার্থীর এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী-
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী নৌকায় পেয়েছেন ২ লাখ ৩ হাজার ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৮২০ ভোট। এ আসনে মোট ভোট কেন্দ্র ছিলো ১৪৫টি।
রাজশাহী-২ (সদর) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩২৭ ভোট। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০৪টি।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আয়েন উদ্দিন। তিনি পেয়েছেন ২ লাখ ১১ হাজার ৫৭৬ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির শফিকুল হক মিলন পেয়েছেন ৮০ হাজার ৭৯৫ ভোট। এ আসনে মোট ভোট কেন্দ্র ১২০টি।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এনামুল হক। তিনি পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ৯৬২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির আবু হেনা পেয়েছেন মাত্র ১৪ হাজার ১৬০টি ভোট।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ডা. মনসুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৩৭০ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম পেয়েছেন মাত্র ২৮ হাজার ৬৮৭ ভোট।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি পেয়েছেন ২ লাখ ১১ হাজার ৪৮৮ ভোট। এ আসনে বিএনপির কোন প্রার্থী ছিল না। তবে নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সুরুজ পেয়েছেন মাত্র ৭ হাজার ৬৭৮ ভোট। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০৭টি।

কোন মন্তব্য নেই