জুনের মধ্যে সারা দেশে ই-নামজারি: ভূমিমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জুনের মধ্যে সারা দেশে ই-নামজারি: ভূমিমন্ত্রী



ভূমি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল কার্যক্রম বাড়ানোর হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
আগামী জুনের মধ্যে সারা দেশে ই-নামজারি ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে ‘ভূমি সেবায় অধিকতর গতিশীলতা আনয়নে ই-নামজারির ভূমিকা’ শীর্ষক কর্মশালায় একথা বলেন ভূমিমন্ত্রী।

গত ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শতভাগ ই-নামজারি চালুর কথা তুলে ধরে তিনি বলেন, ই-নামজারি চালুর পর ইতোমধ্যেই তিন লাখ ৯৩ হাজার গ্রাহক ই-নামজারি সেবা নিয়েছেন। আগামী জুনের মধ্যে সারা দেশে ই-নামজারি ব্যবস্থা চালু করা হবে। নামজারি সম্পন্ন করার সময়কাল ২৮ দিনে নামিয়ে আনা হয়েছে, এছাড়াও অনাবাসী বাংলাদেশিদের জন্য তা আরও কমিয়ে আনার ব্যবস্থা চলছে।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ই-নামজারি’ অ্যাপ্লিকেশনটি মূলত ‘জমি’ (ল্যান্ড ডটজিওভি ডটবিডি) নামের জাতীয় ভূমি-তথ্য ও সেবা অনলাইন প্ল্যাটফর্মের একটি অংশ।

ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে ১০ এপ্রিল থেকে ভূমি সপ্তাহ পালন ও ভূমি উন্নয়ন কর মেলা পালনের ঘোষণা দেন মন্ত্রী।

“ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা কম, যদিও সবার জীবন এবং পরিবারের সাথে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। ভূমি সম্পর্কে জনগণকে সচেতন করতে আগামী ১০ই এপ্রিল সারা দেশে ভূমি সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা পালন করা হবে।”



ভূমিমন্ত্রী জানান, সেবাগ্রহীতাদের সুবিধার্থে অভিযোগ কেন্দ্র গঠনের জন্য হটলাইন, ভূমি অফিসে লেনদেনের জন্য ই-পেমেন্ট ব্যবস্থা চালু, অনাবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু এবং ল্যান্ড ব্যাংক করার বিষয়গুলো প্রক্রিয়াধীন। এগুলো মূলত পুরো ভূমি ব্যবস্থাপনাকে ইন্টিগ্রেটেড অটোমেশনের আওতায় নেওয়ার পর্যায়ক্রমিক ধাপ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য সুলতান মাহমুদ। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাবেক পরিচালক ফায়েকুজ্জামান, ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম কর্মশালায় বক্তব্য রাখেন। 

কোন মন্তব্য নেই