রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে পাচারের চেষ্টা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে পাচারের চেষ্টা

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুল ছাত্রীকে পাচারের চেষ্টার অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ওই যুবককে আটক করে মতিহার থানা পুলিশ। তার নাম রুবেল আলী ওরফে হাসান। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার লাহাপুর এলাকার আব্দুস সালামের ছেলে।



উদ্ধার হওয়া মেয়েটির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার গোয়াবাড়ি চাঁদপুর এলাকায়।

পুলিশ ও ভিকটিমের পরিবার প্রাথমিকভাবে ধারণা করছে, এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাসান প্রায় মাসখানেক আগে থেকে মেয়েটিকে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মেয়েটি তার প্রস্তাবে সাড়া দেয়নি। বিষয়টি হাসানের পরিবারের সদস্যদের জানালেও তারাও কোনো কর্ণপাত করেননি। রোববার সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল মেয়েটি।

পথে নানা প্রলোভন দিয়ে ও ফুসলিয়ে মেয়েটিকে নিয়ে যায় হাসান। কিন্তু মেয়েটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন।

এক পর্যায়ে তারা দুপুরের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় গণকবরের দক্ষিণ দিকে রাস্তার পাশে মেয়েটিসহ অভিযুক্ত হাসানের দেখা পান। এসময় তাকে পাচারের চেষ্টা চালানো হচ্ছিলো।

খবর পেয়ে নগরীর মতিহার থানা পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার ও হাসানকে আটক করে থানায় নিয়ে যায়।



মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান জানান, এ ঘটনায় মেয়েটির মা রোকসানা বেগম বাদী হয়ে সোমবার সকালে থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরের দিকে আদালতের আদেশে আসামি হাসানকে রাজশাহী জেলহাজতে প্রেরণ করা হয়।

কোন মন্তব্য নেই