ছিনতাইকারীদের অভয়ারণ্য ফ্লাইওভারগুলো
ছিনতাইকারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে রাজধানীর ফ্লাইওভারগুলো। পুলিশের পরিসংখ্যান বলছে, মহাখালী, মৌচাক ও যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মাসে গড়ে ১৫ থেকে ২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এজন্য রাতে বাতি এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকাই কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুলিশ বলছে, লোকবলের অভাবেই নিরাপত্তা দেয়া যাচ্ছে না।
সন্ধ্যার পর থেকেই রাজধানীর বেশিরভাগ ফ্লাইওভারে ঘুটঘুটে অন্ধকার। রাত যত বাড়তে থাকে কমতে থাকে যানবাহন। পাল্লা দিয়ে বাড়ে আতঙ্ক।
ফ্লাইওভারগুলোতে বাতি থাকলেও সেগুলো কাজ করে না। এর উপর যোগ হয়েছে সূতা দিয়ে অভিনব কায়দায় ছিনতাই আতঙ্ক। ভুক্তভোগীরা জানান, একটি চক্র ফ্লাইওভারের দুপাশ থেকে সাদা নাইলনের সূতা ধরে রাখে। সেই সূতাতে মোটরসাইকেল আটকে যায়, এই সুযোগে দুপাশ থেকে কয়েকজন এসে সর্বস্ব ছিনিয়ে নেয়। অনেক ক্ষেত্রে শখের মোটরসাইকেলটিও নিয়ে যায় ছিনতাইকারীরা।
সবশেষ সোমবার (২৬ আগস্ট) শাহজাহানপুর ফ্লাইওভারে যাত্রীবেশী দুষ্কৃতিকারী এক চালককে হত্যা করে মোটরবাইক ছিনিয়ে নেয়।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জনবল সংকটের কারণে ঠেকানো যাচ্ছে না ছিনতাইয়ের ঘটনা।
শাহজাহানপুর থানার এসআই আতিক বলেন, ফ্লাইওভারের ওপরে সাধারণত ছিনতাইয়ের প্রবণতা বেশি। নিচ থেকে ওপরে উঠতে আমাদের যে বিশাল জায়গা ঘুরে আসতে হয় তাতে পরে আমাদের আর কিছুই করার থাকে না।
ফ্লাইওভারগুলো সিসি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা।

কোন মন্তব্য নেই