আমাজন রক্ষায় ৫ মিলিয়ন ডলার দিচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আমাজন রক্ষায় ৫ মিলিয়ন ডলার দিচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ বিশ্বজুড়ে দারুণ সাফল্য পেয়েছে। এখনও বক্স অফিসে মাথা উঁচিয়ে আছে সিনেমাটি। তবে এই সাফল্যে ভেসে যাননি এর নন্দিত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তার পরিবেশচেতনা ঠিকই জাগ্রত আছে।

দাবানলে ক্ষতিগ্রস্ত ‘পৃথিবীর ফুসফুস’খ্যাত আমাজনের সংরক্ষণে তার প্রতিষ্ঠান আর্থ অ্যালায়েন্স এগিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির পক্ষে তিনি ৫ মিলিয়ন ডলার সাহায্যের অঙ্গীকার করেছেন।

ভারাইটির এক প্রতিবেদনে জানা যায়, দাবানলে পুড়তে থাকা আমাজন বন রক্ষার জন্য তহবিল তৈরিতে এই উদ্যোগ নিয়েছেন ডিকাপ্রিও। স্থানীয় সহযোগী ও আদিবাসী সম্প্রদায়ের সমর্থনে তার সংস্থা কাজ করছে। স্পর্শকাতর পরিবেশ রক্ষায় কাজ করছে এমন পাঁচটি স্থানীয় সংস্থাকে এই তহবিল দেওয়া হচ্ছে।

ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের (আইএনপিই) বরাত দিয়ে ওই তহবিলের ওয়েবসাইটে বলা হচ্ছে, আমাজনে ৭২ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা ২০১৮ সালের ৪০ হাজারের চেয়ে দ্রুতগতিতে বেড়েছে। মূলত পশু খামার ও শস্য উৎপাদনের জন্য বন ধ্বংস করা হচ্ছে এই অঞ্চলে।

ইতোমধ্যে একাধিক সেলিব্রিটি ‘পৃথিবীর ফুসফুস’-খ্যাত আমাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সোশ্যাল মিডিয়ায় সচেতনতা তৈরিতে কাজ করছেন। ডিকাপ্রিও এক ইনস্টাগ্রাম পোস্টে বলেন, আমাজন ছাড়া বৈশ্বিক উষ্ণায়নকে ঠেকানো যাবে না।

লরেন পাওয়েল জবস, ব্রায়ান সেথের সঙ্গে মিলে জুলাইয়ে আর্থ অ্যালায়েন্সের ঘোষণা দেন অস্কারজয়ী লিওনার্দো ডিকাপ্রিও। জলবায়ু পরিবর্তনকে সামনে রেখে এই সংস্থাটির নেতৃত্বে আছে বিজ্ঞানী ও সংরক্ষণবাদীদের নিয়ে একটি দল। যারা বাস্তুসংস্থান ও বন্য পরিবেশ রক্ষা, জলবায়ু সংক্রান্ত ন্যায় বিচার নিশ্চিত, নবায়নযোগ্য জ্বালানি সমর্থন ও আদিবাসীদের অধিকার রক্ষায় কাজ করছেন।

কোন মন্তব্য নেই