আকাশে যাত্রী অসুস্থ, বিমানের জরুরি অবতরণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আকাশে যাত্রী অসুস্থ, বিমানের জরুরি অবতরণ





ভারতের বিমান পরিবহন সেবাদানকারী সংস্থা ইন্ডিগোর একটি বিমান নয়াদিল্লি থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। এসময় হঠাৎ মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে কলকাতায় বিমানটি জরুরি অবতরণ করে।

এনডিটিভি তাদের এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, হঠাৎ এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানের জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। অসুস্থ ওই যাত্রী এখন হাসপাতালে চিকিৎসাধীন।

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান থেকে নামিয়ে দ্রুত ওই যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়। তারপর গন্তব্যে উড়াল দেয় তাদের সেই ফ্লাইটটি। জানা গেছে, বিমানটি নয়াদিল্লি থেকে উড্ডয়ন করার আধাঘণ্টা পর ওই যাত্রী অসুস্থ হন।

ভেতরে থাকা অন্য সদস্যরা পাইলটকে বিষয়টি অবহিত করলে তিনি তৎক্ষণাৎ কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তারপর তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুমতি চান।



নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পাইলটের কাছ থেকে অনুরোধ পাওয়ার পর জরুরি অবতরণের অনুমতি দেন। অবতরণের অনুমতি দেয়ার পর সেটি নিরাপদে কলকাতা বিমানবন্দরে নামে।

বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, বিমানটি অবতরণের আগেই জরুরি ভিত্তিতে বিমানবন্দরে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল। অবতরণের সঙ্গে সঙ্গেই অসুস্থ যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।


সূত্র: এনডিটিভি

কোন মন্তব্য নেই