করোনার কারণে অনলাইনে ক্লাস নেবে ড্যাফোডিল ইউনিভার্সিটি
করোনা ভাইরাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার কারণে এখন থেকে অনলাইনে ক্লাস নেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ।
রোববার (১৫ মার্চ) থেকে অনলাইনে ডেমো ক্লাস চালু করেছে ড্যাফোডিলের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ।
ধানমন্ডির সোবহান বাগ ক্যাম্পাসে অনলাইন ডেমো ক্লাস নিয়েছেন বিভাগটির প্রধান সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম।
ড. ইসলাম গণমাধ্যমকে বলেন, করোনা ভাইরাস মানুষের সংস্পর্শে আসলে ছড়িয়ে যায়। সেজন্য অনেক শিক্ষার্থী ক্লাসে আসতে ভয় পান। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা অনলাইন ক্লাসের কার্যক্রম শুরুর প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছিলাম। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তাই আমরা এখন থেকে অনলাইনেই ক্লাস নিবো।
ড. ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের পড়লেখায় যেন ক্ষতি না হয় সেজন্য আমাদের এমন উদ্যোগ। বিশ্বের বিভিন্ন দেশ এভাবে ক্লাস নেয়। এতে আমাদের শিক্ষার্থীরা বাসায় থেকেও ক্লাস করতে পারবে। ফলে তাদের একাডেমিক কার্যক্রম সচল থাকবে। তারা পিছিয়ে পড়বে না।
করোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান।

কোন মন্তব্য নেই