বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মনমোহন সিং
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ১১ মে, সোমবার সকালে দিল্লি এইমস’র চিকিৎসকরা এই তথ্য জানান। আপাতত মেডিকেল টিমের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী।
এর আগে ১০ মে, রবিবার রাত পৌনে ৯টার দিকে ওই হাসপাতালের কার্ডিওথোরাসিক বিভাগে ভর্তি করা হয় মনমোহনকে। তার বুকে ব্যথার কারণ জানার চেষ্টা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম জিনিউজ।
ওই রাতেই মনমোহন সিংয়ের হৃদরোগের চিকিৎসায় নতুন ওষুধ দেয়ার পর তার জ্বর আসে। আপাতত সেই জ্বর কমানোর চেষ্টা করছেন চিকিৎসকরা।
দিশটির প্রখ্যাত হৃদবিশেষজ্ঞ ড. নীতিশ নায়েকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন ৮৭ বছরের বয়স্ক মনমোহন সিং।
প্রসঙ্গত, লকডাউনের আগে থেকেই হলকা অসুস্থ ছিলেন মনমোহন সিং। এজন্য তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। এর আগে ২০০৯ সালে একবার বাইপাস সার্জারিও হয় তার। তারপর থেকেই শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েন সাবেক এই প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই