‘মাহমুদুল্লাহর আইপিএলে খেলার সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যজনক’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘মাহমুদুল্লাহর আইপিএলে খেলার সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যজনক’














টি-টোয়েন্টিতে দেশের সেরা ব্যাটসম্যানদের অন্যতম মাহমুদুল্লাহ রিয়াদ। সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের সাম্প্রতিক পারফরম্যান্স অসাধারণ। অফ স্পিন বোলিংটাও বেশ কার্যকর। পাকিস্তান সুপার লীগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) নিয়মিত মুখ টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক। কিন্তু টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফর্ম করা মাহমুদুল্লাহর খেলার সুযোগ হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল)। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, মাহমুদুল্লাহর আইপিএলে খেলার সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যজনক। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে আইপিএলে খেলার যোগ্যতা রাখেন মাহমুদুল্লাহ বলে মত তামিমের।

ইনস্টাগ্রাম লাইভ আড্ডায় ৩রা মে তামিমের অতিথি ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেখানে আইপিএলে সুযোগ না পাওয়া নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে উদ্দেশ্য করে তামিম বলেন, ‘আমি মনে করি রিয়াদ ভাই আপনি আইপিএলে খেলার যোগ্যতা রাখেন।
গত কয়েকবছর টি-টোয়েন্টিতে ব্যাটিং পারফরম্যান্স অনুযায়ী আপনার আইপিএলে সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যজনক।’ উত্তরে মাহমুদুল্লাহ বলেন, ‘পারফর্ম করার জন্য আইপিএল অনেক বড় একটা জায়গা। বিশে^র সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। এটা এমন একটা আসর যেখানে সবাই খেলতে চায়। সেখানে খেলতে পারলে অবশ্যই ভালো লাগতো। সবাই চায় বড় কোন টুর্নামেন্ট বা এরকম একটা জায়গায় খেলতে। যদি আইপিএলে খেলার সুযোগ আসে ভালো লাগবে। সুযোগ পাচ্ছি না বলে তো আর মন খারাপ করে লাভ নেই। আমার কাজ ধারাবাহিক পারফর্ম করা। সেটাই করার চেষ্টা করে যাবো।’







টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহর বদলে যাওয়ার শুরুটা ২০১৬ বিশ^কাপ থেকে। জাতীয় দলের হয়ে সে বছর ১৩৯.৬ স্ট্রাইক রেটে ১৪ ইনিংসে ২৭৫ রান করেছিলে তিনি। ২০১৭তে ১১৫ স্ট্রাইক রেটে ৭ ইনিংসে করলেন ১১৫ রান। ২০১৮ ও ২০১৯ সালটাও কেটেছে অসাধারণ। জাতীয় দলের হয়ে ২০১৮তে ১৬ ইনিংসে ১৩৯.২ স্ট্রাইক রেটে করেন ৩৮৭ রান। পরের বছর ৭ ইনিংসে ১২৬.১ স্ট্রাইক রেটে করেছিলেন ১৭৯ রান।

আর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ২০১৬ থেকে এখন পর্যন্ত খেলা ৬০ ইনিংসে করেছেন ১ হাজার ২৯৭ রান। এই চার বছরে খেলা সব ফ্র্যাঞ্চাইজি আসরে স্ট্রাইক রেট একবারের জন্য ১২০ এর নিচে নামেনি মাহমুদুল্লাহ রিয়াদের।

কোন মন্তব্য নেই