একমি ল্যাবরেটরিজের রাজস্ব আয় বেড়েছে ১০%
গতকাল বিকালে অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে একমি ল্যাবরেটরিজের পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ১ হাজার ৫২৩ কোটি টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে রাজস্ব আয় ছিল ১ হাজার ৩৮৯ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১৮ কোটি টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১১২ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৯ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৩৪ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৩ টাকা ১১ পয়সায়।
এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ৫২৩ কোটি টাকা। এর আগের বছরের একই সময়ে রাজস্ব আয় ছিল ৪৭৬ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৯ কোটি টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩৫ কোটি টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৪ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৮ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে একমি ল্যাবরেটরিজ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৮১ পয়সা। এর আগে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল একমি ল্যাবরেটরিজ। তার আগের তিন হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

কোন মন্তব্য নেই