লোকসান থেকে মুনাফায় ফিরেছে আইসিবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লোকসান থেকে মুনাফায় ফিরেছে আইসিবি


পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চলতি ২০২০-২১  হিসাব বছরের তিন প্রান্তিকে ১০০ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে। যেখানে এর আগের বছরের একই সময়ে ৪৭ কোটি ৮১ লাখ টাকা লোকসানে ছিল প্রতিষ্ঠানটি। সে হিসাবে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আগের বছরের লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে প্রতিষ্ঠানটি।


গতকাল বিকালে অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে আইসিবির পর্ষদ। প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা, আগের বছর একই সময় লোকসান হয়েছিল ৫৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস এককভাবে হয়েছে ৭৫ পয়সা, আগের বছর একই সময় লোকসান হয়েছিল ৮২ পয়সা।


অন্যদিকে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ২৭ পয়সা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ৭৯ পয়সা বা ৬২ দশমিক ২০ শতাংশ কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির এককভাবে ইপিএস হয়েছে ২৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ২৪ পয়সা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে ৯৮ পয়সা বা ৭৯ শতাংশ।


এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৮৬ পয়সা আর এককভাবে দাঁড়িয়েছে ৪৪ টাকা ৬৭ পয়সা।


এদিকে চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর) সময়ে আইসিবির সম্মিলিত ইপিএস হয়েছে ৭৭ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৮৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে প্রতিষ্ঠানটির সম্মিলিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৪ টাকা ৩৮ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে আইসিবির পরিচালনা পর্ষদ।

কোন মন্তব্য নেই