জিএমের নয় দশকের মুকুট ছিনিয়ে নিল টয়োটা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জিএমের নয় দশকের মুকুট ছিনিয়ে নিল টয়োটা


যুক্তরাষ্ট্রের শীর্ষ গাড়ি বিক্রেতার মুকুট হারিয়েছে জেনারেল মোটরস (জিএম)। ৯০ বছরের মধ্যে প্রথমবারের মতো মার্কিন গাড়ি নির্মাতা জায়ান্ট দুইয়ে নেমে গিয়েছে। ২০২১ সালে দেশটিতে শীর্ষ গাড়ি বিক্রেতার মুকুট ছিনিয়ে নিয়েছে টয়োটা। গত বছর জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটি ২৩ লাখেরও বেশি গাড়ি বিক্রি করেছে। অন্যদিকে গত বছর জিএমের গাড়ি বিক্রি কমে ২২ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। খবর সিএনবিসি।


বিশ্লেষকদের ভাষ্য, বিশ্বজুড়ে চলমান সরবরাহ ব্যবস্থার সমস্যাগুলো দক্ষভাবে মোকাবেলা করেছে টয়োটা। এ দক্ষতাই ১৯৩১ সালের পর প্রথমবারের মতো জিএমের সিংহাসন কেড়ে নিতে জাপানি সংস্থাটিকে সহায়তা করেছে। চিপ ও যন্ত্রাংশ ঘাটতির কারণে প্রতিটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হয়েছে। ফলে ২০২১ সালে যানবাহন উৎপাদনের সংখ্যা রেকর্ড নিম্নে চলে যায়।


সম্প্রতি জিএম জানিয়েছে, গত বছর সংস্থাটি যুক্তরাষ্ট্রে ২২ লাখ যানবাহন বিক্রি করেছে। এ সংখ্যা আগের বছরের চেয়ে ১২ দশমিক ৯ শতাংশ কম। অন্যদিকে একই সময়ে টয়োটার গাড়ি বিক্রি ১০ দশমিক ৪ শতাংশ বেড়ে ২৩ লাখ ইউনিটে উন্নীত হয়েছে। প্রতিষ্ঠান দুটির গাড়ি বিক্রির ব্যবধান ছিল ১ লাখ ১৪ হাজার ৩৪ ইউনিট।


শীর্ষ গাড়ি বিক্রেতার র্যাংকিং সম্পর্কে টয়োটার উত্তর আমেরিকার অটোমোটিভ অপারেশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জ্যাক হলিস বলেন, হ্যাঁ, আমরা গাড়ি বিক্রির সংখ্যায় জেনারেল মোটরসকে ছাড়িয়ে গেছি। তবে স্পষ্ট করে বলতে গেলে, এটি আমাদের লক্ষ্য নয় এবং আমরা এ অবস্থানকে টেকসই হিসেবেও দেখি না।


গাড়ি শিল্পের প্রকাশনা অটোমোটিভ নিউজের তথ্য অনুসারে, ১৯৩১ সালে জিএম যুক্তরাষ্ট্রের শীর্ষ গাড়ি নির্মাতা হিসেবে জায়গা করে নেয়। সে সময় সংস্থাটি আরেক মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ডকে সিংহাসনচ্যুত করেছিল।


সম্প্রতি জিএম জানায়, চিপের ঘাটতি কমছে এবং গত বছরের শেষ দিকে উৎপাদন বাড়িয়েছে সংস্থাটি। এ খবরের পর সংস্থাটির শেয়ারদর ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়। মঙ্গলবার ৬৫ ডলার ৭৪ সেন্টে লেনদেন শেষ হওয়ার আগে সংস্থাটির প্রতি শেয়ারের দাম ৬৫ ডলার ৯৮ সেন্টে উঠেছিল। গাড়ি নির্মাতা জানিয়েছে, চিপের সরবরাহ বেড়ে যাওয়ায় চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উৎপাদন ও সরবরাহ আগের প্রান্তিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


পূর্ণ আকারের টুড্রা পিকআপের বিক্রি ২৫ শতাংশ কমে যাওয়া সত্ত্বেও গত বছর টয়োটা গাড়ি ও ট্রাকের বিক্রি বাড়িয়ে মাইলফলক অর্জন করতে সক্ষম হয়েছিল। সংস্থাটির ছোট ট্যাকোমা পিকআপের বিক্রি ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ লাখ ৫২ হাজার ৫২০ ইউনিটে পৌঁছেছে। এদিকে চিপ ঘাটতির কারণে জিএমের বিক্রি নিম্নমুখী হয়ে যায়। মার্কিন গাড়ি নির্মাতার সর্বাধিক বিক্রীত গাড়ি শেভ্রোলেট সিলভেরাডো পিকআপের বিক্রি ১০ দশমিক ৮ শতাংশ কমে ৫ লাখ ৩০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে।


চলতি বছর অস্থিরতার কারণে এ খাতের বিশ্লেষকরা পূর্বাভাসের ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা ২০২২ সালে যুক্তরাষ্ট্রের বাজারে ১ কোটি ৫২ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ গাড়ি বিক্রির পূর্বাভাস দিয়েছেন।


জেনারেল মোটরসের উত্তর আমেরিকার প্রেসিডেন্ট স্টিভ কার্লাইস বলেন, চলতি বছর আমরা বিক্রি ও বাজারে অংশীদারিত্ব বাড়ানোর পরিকল্পনা করছি। এর মাধ্যমে আমরা আবারো শীর্ষ গাড়ি নির্মাতার অবস্থান ফিরে পাব বলে আশা করছি।

কোন মন্তব্য নেই