সৌদির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের লভ্যাংশ বিতরণ বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সৌদির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের লভ্যাংশ বিতরণ বেড়েছে


কভিডের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি আরবের অর্থনীতি। মুনাফায় ফিরেছে দেশটির বৃহৎ প্রতিষ্ঠানগুলোও। ২০২১ সালে দেশটির পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষ ১০ প্রতিষ্ঠান লভ্যাংশ বিতরণ বাড়িয়েছে। এক্ষেত্রে কভিডের টিকাদান কার্যক্রমের বিস্তৃতি ও বিধিনিষেধ শিথিল করার মতো বিষয়গুলো অবদান রেখেছে। তবে কভিডের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় চলতি বছর আবারো করপোরেট প্রতিষ্ঠানগুলোর মুনাফা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। খবর আরব নিউজ।


সৌদি আরবের শীর্ষ ১০টি প্রতিষ্ঠান ২০২১ সালে বিনিয়োগকারীদের উচ্চতর লভ্যাংশ বিতরণের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মোট বাজারমূল্য ২ লাখ কোটি ডলারেরও বেশি। ১০টি বৃহৎ প্রতিষ্ঠানের মধ্যে চারটি জ্বালানি, চারটি ব্যাংক, একটি ইউটিলিটি ও একটি টেলিকম কোম্পানি।


শেয়ারবাজারে আধিপত্য বিস্তারকারী সৌদির জ্বালানি তেল জায়ান্ট আরামকোর বাজারমূল্য ৭ লাখ কোটি সৌদি রিয়ালের চেয়েও বেশি। আরামকোর লভ্যাংশ প্রদান এক বছর আগের তুলনায় অপরিবর্তিত রয়েছে। গত বছরের প্রথম নয় মাসের জন্য প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ১ দশমিক শূন্য ৫ সৌদি রিয়াল লভ্যাংশ দিয়েছে।


কেমিক্যাল উৎপাদক সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (এসএবিআইসি) গত বছরের দ্বিতীয়ার্ধে শেয়ারপ্রতি ২ দশমিক ২৫ সৌদি রিয়াল লভ্যাংশ দেবে। প্রতিষ্ঠানটি পুরো বছরে প্রতি শেয়ারে ৪ রিয়াল করে লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে, যেখানে ২০২০ সালে এর পরিমাণ ছিল ৩ সৌদি রিয়াল। ২০২১ সালের প্রথম নয় মাসে শক্তিশালী আর্থিক ফলের পর সংস্থাটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান বাড়িয়ে দেয়।


এছাড়া দেশটির বৃহত্তম ব্যাংক—আল রাজি ব্যাংক, সৌদি ন্যাশনাল ব্যাংক, রিয়াদ ব্যাংক ও সৌদি ব্রিটিশ ব্যাংক গত বছর উচ্চতর লভ্যাংশ দিয়েছে। পাশাপাশি সৌদি টেলিকম কোম্পানি, সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি ও অ্যারাবিয়ান মাইনিং কোম্পানিও ২০২১ সালে আগের বছরের চেয়ে বেশি লভ্যাংশ দিয়েছে।

কোন মন্তব্য নেই