পে-স্কেল নিয়ে সরকারের অবস্থান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পে-স্কেল নিয়ে সরকারের অবস্থান



পে-স্কেল বাস্তবায়নে অর্থের সংস্থান আছে, সিদ্ধান্ত বদলাতে পারবে না পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা


অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করে গেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরবর্তী নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না, যদিও বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “পে-স্কেলের জন্য অর্থের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরবর্তী সরকার চাইলে এটি বাস্তবায়ন করবে, কিন্তু সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই। প্রশাসনিক ও প্রক্রিয়াগত কারণে বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।”

বর্তমান সরকারের অর্থনৈতিক অবস্থান তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিদায়ক অর্থনৈতিক পরিস্থিতি রেখে যাচ্ছে
তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের অর্থনীতি নড়বড়ে অবস্থায় ছিল। দেড় বছরের ধারাবাহিক চেষ্টায় সেই পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল করা সম্ভব হয়েছে।”

গণভোট ও নির্বাচন প্রসঙ্গে বক্তব্য

গণভোট ও আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে, তবে এটি কোনো নির্দিষ্ট পক্ষের পক্ষে নয়।
তিনি বলেন, “বরাদ্দ রাখা হয়েছে গণভোটের জন্য, ‘হ্যাঁ’ ভোটের জন্য নয়। গণভোট যুক্ত হওয়ায় এবারের নির্বাচনে আগের তুলনায় কিছুটা বেশি ব্যয় হচ্ছে।”

কর্মসংস্থান নিয়ে উদ্বেগ

কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কিছুটা কমেছে। এটি ভবিষ্যতে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমানোর ওপর জোর দিয়েছে, যার ইতিবাচক প্রভাব আগামী দিনে আরও স্পষ্ট হবে। 

কোন মন্তব্য নেই