বিএসইসির সাবেক কমিশনার ও অতিরিক্ত সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিএসইসির সাবেক কমিশনার ও অতিরিক্ত সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা


  ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার মো. আব্দুল হালিম এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন এবং অভিযুক্তরা যেন দেশত্যাগ করতে না পারেন—এ জন্যই আদালতের কাছে নিষেধাজ্ঞার আবেদন করা হয়।

দুদক সূত্র জানায়, অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় ৫ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পে বড় অঙ্কের অনিয়ম ও দুর্নীতি। ইতোমধ্যে দুদকের একটি বিশেষ তদন্ত দল এই প্রকল্পের ক্রয় ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংঘটিত সম্ভাব্য দুর্নীতি খতিয়ে দেখছে।

তদন্ত সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্তরা যে কোনো সময় বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কা থেকেই তদন্তের স্বার্থে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

দুদক জানিয়েছে, তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই