সুষ্ঠু ভোটে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সুষ্ঠু ভোটে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান


 ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সুষ্ঠু ভোটে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: সেনাপ্রধান


সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পূর্ণ সমন্বয় ও আগ্রহ রয়েছে। এ অবস্থায় নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা পরিদর্শন শেষে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতা আমাদের রয়েছে। নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ এবং সেনা, নৌ ও বিমানবাহিনী—সবাই আন্তরিকভাবে আগ্রহী। তাই নির্বাচন ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অবৈধ লেনদেনের চেষ্টা হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। কিছু অপরাধী তৎপর থাকতে পারে, তবে সবাই এ ধরনের অপকর্মে জড়াবে না।

সেনাপ্রধান স্পষ্ট করে বলেন, নির্বাচনের দিন যারা সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি করবে বা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেবে, তাদের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী যতটুকু শাস্তির বিধান রয়েছে, ততটুকুই প্রয়োগ করা হবে।

সভায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, দিন-রাত বিভিন্ন সময় পরিচালিত অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে। অপরাধীদের মধ্যে যেন সবসময় ভয় ও আশঙ্কা কাজ করে—সেই পরিবেশ বজায় রাখতে হবে। আমাদের সবার লক্ষ্য একটাই—সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি করা জরুরি। এ জন্য মাঠে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে, কেউ বসে থাকবে না।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গাজীপুর জেলা পরিদর্শনকালে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আইএসপিআর আরও জানায়, তিন বাহিনীর প্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণে বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

গাজীপুর জেলা পরিদর্শনকালে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই