ইতালিজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট, বিক্ষোভে নামলেন হাজারো মানুষ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইতালিজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট, বিক্ষোভে নামলেন হাজারো মানুষ

 


নিজস্ব প্রতিবেদক | Times Express 24

শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সরকারি সেবার মান উন্নয়ন এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ইতালিজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিরোধিতাও করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৩০ অক্টোবর) দেশটির ৪০টির বেশি শহরে এ কর্মসূচি পালিত হয়।

শ্রমিক সংগঠন ইউনিয়নে সিনদাকালে দি বাসে (ইউনিয়ন অব বেসিক ট্রেড ইউনিয়নস) ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেয়। এতে শিক্ষার্থী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চলতি মাসের শুরুতে ইতালিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সে সময় কয়েকটি স্থানে দোকানপাটে লুটপাট ও স্থাপনায় ভাঙচুরের অভিযোগ ওঠে। তবে শুক্রবারের কর্মসূচি অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ থাকলেও কিছু স্থানে উত্তেজনা দেখা দেয়।

উত্তরাঞ্চলীয় শহর তুরিনে কেন্দ্রীয় সরকারের স্থানীয় প্রশাসনিক দপ্তরের সামনে পুলিশের নিরাপত্তাবেষ্টনীর দিকে এগিয়ে যান শিক্ষার্থী ও বামপন্থী কর্মীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।

রাজধানী রোমে কলোসিয়ামের কাছে বড় মিছিল করেন বিক্ষোভকারীরা। তাঁরা সেখানে তাঁবু খাটিয়ে পুরো সপ্তাহান্ত অবস্থানের ঘোষণা দেন। সন্ধ্যায় একটি বড় দল পার্লামেন্টের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে। বার্তা সংস্থা এএনএসএর প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টার অভিযোগে আটজনকে আটক করা হয়।

অন্যদিকে মিলানে বিক্ষোভকারীরা শহরের রিং রোডে মিছিল করেন। পরে পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন তাঁরা। এ সময় মশাল হাতে বিভিন্ন স্থানে আগুন জ্বালানোর ঘটনাও ঘটে।

বন্দরনগরী জেনোয়ায় প্রায় ১৫ হাজার বন্দরশ্রমিক, শিক্ষার্থী ও অন্যান্য বিক্ষোভকারী সমবেত হন। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তাঁরা বন্দর ব্যবহার করে অস্ত্র রপ্তানির বিরোধিতা করেন। বিভিন্ন সংঘাতে নাবিকদের প্রাণহানির বিষয়টিও তুলে ধরেন আন্দোলনকারীরা।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শ্রমিকদের অধিকার ও সরকারি ব্যয় নিয়ে অসন্তোষের জেরে ইউরোপের বিভিন্ন দেশেও সাম্প্রতিক সময়ে বিক্ষোভ হয়েছে। ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও আলবেনিয়ায় আন্দোলনের খবর পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই