বিএসএফের গোয়েন্দাদের কাছে তথ্য পাচারকালে বাংলাদেশি আটক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গোয়েন্দাদের কাছে তথ্য পাচারের সময় রাজশাহীর সাহেবনগর সীমান্ত এলাকা থেকে মিঠু নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
সীমান্তের এপারে মাঠে কর্মরত লোকজন ও গরুর ছবি মোবাইলে তুলে তা ওই যুবক পাচার করছিল বলে দাবি বিজিবির।
আটকের সময় তার কাছ থেকে পাওয়া দুটি মোবাইল ও একাধিক ভারতীয় মোবাইল ফোন কোম্পানির সিমকার্ড জব্দ করা হয়েছে।
আটক মিঠু চরআষাড়িয়াদহ ইউনিয়নের কানাপাড়া গ্রামের দুলালের ছেলে বলে জানা গেছে। শনিবার বিকালে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহীতে ১ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
বিজিবি সাহেবনগর ফাঁড়ি সূত্র ও স্থানীয়রা জানান, শনিবার সকালে সাহেবনগর সীমান্তের এপারে বাংলাদেশি লোকজন মাঠে কাজ করছিল। ওই সময় সীমান্তের ওপার থেকে কয়েকটি গবাদিপশু নিয়ে এপারে আসছিল কয়েকজন লোক। মিঠু ওইসব লোকজনের ছবি তুলে বিএসএফের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার ম্যাসেঞ্জারে পাঠাচ্ছিল। বিষয়টি লোকজন লক্ষ করে স্থানীয় সাহেবনগর বিজিবি ফাঁড়িতে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থল থেকে মিঠুকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, সীমান্তের এপারের বিশেষ করে সীমান্তের নিকটবর্তী গ্রাম ও স্থাপনার ছবি তুলে বিএসএফের কাছে পাঠানোর ঘটনাটি খুবই স্পর্শকাতর। মিঠুর মোবাইল ফোনে ওই সময় একটি ভারতীয় কোম্পানির সিমকার্ড সক্রিয় ছিল। মিঠু প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছে, সে ভারত থেকে আসা গরুর ছবি তুলে বিএসএফের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার কাছে পাঠাচ্ছিল। এই কাজ সে কিছুদিন ধরেই করে আসছে।
এদিকে মিঠুর মোবাইল ফোনটি সক্রিয় থাকার সময় বিএসএফের একজন গোয়েন্দা কর্মকর্তার ফোন আসে। পরে ফোনটি নিষ্ক্রিয় করে সেটি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সাহেবনগর বিজিবি ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার শফিক ঘটনার কথা স্বীকার করে জানান, মিঠুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ব্যাটালিয়ন সদর দফতর রাজশাহীতে পাঠানো হয়েছে। তার ব্যাপারে কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই