আবাসিক হোটেলে তরুণ-তরুণীর লাশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আবাসিক হোটেলে তরুণ-তরুণীর লাশ





রাজধানীর ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- তেজগাঁও কলেজের ছাত্র আমিনুল ইসলাম সজল (২১) ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম আক্তার জেরিন (২০)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় তেজগাঁও থানা পুলিশ তাদের লাশ দু’টি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারছে না পুলিশ। 

পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে ফার্মগেটের হোটেল স¤্রাট থেকে থানায় খবর আসে একটি কক্ষের বোর্ডার রুমের দরজা খুলছে না। অনেক ঢাকাডাকি করা হলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের অষ্টমতলার একটি কক্ষের দরজা ভেঙে দু’টি লাশ উদ্ধার করে। লাশ দু’টি বিছানায় পড়েছিল। 

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত সোমবার বিকেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা এক দিনের জন্য হোটেলের অষ্টমতলার একটি কক্ষ ভাড়া নেন। এরপর রুমে গিয়ে আর বের হননি। সকালেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। তারা আরো একদিন বেশি থাকবেন, নাকি রুম ছেড়ে দেবেন সে ব্যাপারেও কোনো কিছু জানাচ্ছিলেন না। এ দিকে বেলা ১২টায় চেক আউট হওয়ার কথা থাকলেও তাদের কোনো সাড়া না পেয়ে ডাকাডাকি করা হয়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। একপর্যায়ে হোটেল কর্তৃপক্ষ ঘাবড়ে গিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, তারা কিভাবে মারা গেলেন সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তদন্ত চলছে, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। 


তেজগাঁও থানার এসআই সেন্টু মিয়া জানান, সুরতহাল প্রতিবেদনে মৃতদেহ দু’টির কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি জানা যাবে। তবে লাশের পাশ থেকে বেশ কিছু যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আমিনুল ইসলাম সজলের গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। আর ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী মরিয়ম আক্তার জেরিনের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই