নাগরিকদের চীনা ফোন ব্যবহার বন্ধের আহ্বান লিথুয়ানিয়ার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নাগরিকদের চীনা ফোন ব্যবহার বন্ধের আহ্বান লিথুয়ানিয়ার


দেশের মানুষকে চীনের তৈরি মোবাইল টেলিফোন কেনা থেকে বিরত থাকতে বলেছে লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমনকি যাদের কাছে চীনা ফোন আছে, সেগুলোও ফেলে দিতে পরামর্শ দেয়া হয়েছে। এসব ফোনে স্বয়ংক্রিয়ভাবেই সেন্সরশিপ চালু করা থাকে এমন অভিযোগে এ সিদ্ধান্তের কথা জানায় দেশটি। খবর রয়টার্স।


চীনের স্মার্টফোন জায়ান্ট শাওমি করপোরেশনের ইউরোপের দেশগুলোতে বিক্রি করা স্মার্টফোনগুলোতে কিছু বিষয় স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। যেমন ফ্রি তিব্বত, তাইওয়ানের স্বাধীনতা দীর্ঘজীবী হোক বা গণতান্ত্রিক আন্দোলনের মতো শব্দ শনাক্ত ও সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে ফোনগুলো। সম্প্রতি লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা এ বিষয়টি বুঝতে পারে।


লিথুয়ানিয়ার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মারগিরিস আবুকেভিসিয়াস বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর দেশের মানুষের প্রতি আমাদের পরামর্শ হলো চীনা ফোন না কেনা। আর যেগুলো তাদের হাতে আছে, সেগুলোও যেন যত দ্রুত সম্ভব পাল্টে ফেলা হয়। শুধু তা-ই নয়, অন্য যেসব দেশের মানুষ শাওমি ফোন বা এ কোম্পানির কোনো পণ্য ব্যবহার করে, তাদেরও সতর্ক করেছেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি শাওমি কর্তৃপক্ষ।


মূলত তাইওয়ানের সঙ্গে লিথুয়ানিয়ার সুসম্পর্ক নিয়েই চীনের মাথাব্যথা। কিছুদিন আগে তাইওয়ান জানায়, লিথুয়ানিয়া যে মিশন স্থাপন করবে তার নাম হবে তাইওয়ান প্রতিনিধির কার্যালয়। কিন্তু ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এ মিশনের নাম তাইপেই শহরের নামে। যেহেতু তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে, তাই সেখানে এ নামটি ব্যবহার করা হয় না।

কোন মন্তব্য নেই