মজুত থেকে নিজের চাহিদা অনুযায়ী তেল ছাড়বে চীন
মজুত থেকে নিজের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল ছাড়বে চীন। বিশ্ববাজারে দাম বাড়লেও উত্তোলনকারী দেশের জোট ওপেক প্লাস তেল উত্তোলন বাড়াতে রাজি না হওয়ায় এমন সিদ্ধান্ত নিলো বেইজিং। বুধবার (২৪ নভেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান বিবৃতিতে এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে চীন বাজারে মজুত থেকে তেল ছাড়বে কি না এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি ঝাও। তিনি বলেন, চীন বাজারে তার প্রকৃত চাহিদা অনুযায়ী মজুত থেকে অপরিশোধিত তেল সরবরাহ করবে।
এর আগে তেল উত্তোলক দেশগুলোর জোট ওপেক প্লাসকে দাম নিয়ন্ত্রণে আনতে তেল উত্তোলন বৃদ্ধির আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওপেক প্লাসের নেতারা সাফ জানিয়ে দেন, মার্কিন চাপের মুখে উত্তোলন বাড়াবে না তারা। সোমবার সংস্থাটির নেতারা বৈঠকে এমন সিদ্ধান্ত নেন। ওপেক প্লাসের ওই সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব, আমিরাত ও রাশিয়াসহ ওপেক প্লাসের নেতারা। পরে বাজারে তেলের দাম কমাতে শীর্ষ ভোক্তা দেশগুলোকে মজুত থেকে তেল ছাড়ার আহ্বান জানান বাইডেন।
করোনাভাইরাস মহামারির তীব্রতা হ্রাস পাওয়া বিশ্বে তেলের চাহিদা বাড়ছে। ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগান না থাকায় বিশ্ববাজারে তেলের দরও বাড়ছে। এমন পরিস্থিতিতে ভোক্তা দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। তেলের দরে লাগাম টানতে যুক্তরাষ্ট্র-চীনসহ শীর্ষ ভোক্তারা মজুত থেকে তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র এক ঘোষণায় জানিয়েছে, কৌশলগত মজুত থেকে ৫ কোটি ব্যারেল জ্বালানি তেল বাজারে ছাড়বে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র, চীনের পাশাপাশি ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াও মজুত থেকে তেল বাজারে ছাড়বে।

কোন মন্তব্য নেই