মেঘনা গ্রুপের তালিকাভুক্ত দুই কোম্পানির উৎপাদন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা গ্রুপের দুই কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল কারখানা দুটি পরিদর্শনে গেলে উৎপাদন কার্যক্রম বন্ধ দেখতে পায়। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
এর আগে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি দুটির কারখানা ও অফিস পরিদর্শনের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে ১২ ডিসেম্বর উভয় এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠায় সংস্থাটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (লিস্টিং) রেগুলেশন, ২০১৫-এর রেগুলেশন ৫৪(১) অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে কারখানা দুটি পরিদর্শনে যায় ডিএসইর একটি টিম।
বিএসইসির ওই চিঠিতে বলা হয়, কোম্পানি দুটি ধারাবাহিকভাবে সিকিউরিটিজ আইন ভঙ্গ করে যাচ্ছে। তাই পরিদর্শন প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনি পরামর্শ এ চিঠি জারির সাত কার্যদিবসের মধ্যে বিএসইসিতে জমা দিতে বলা হলো।
২০০১ সালে তালিকাভুক্ত হওয়া মেঘনা পেটের অনুমোদিত মূলধন ৩০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা। পুঞ্জিভূত লোকসানের পরিমাণ ১৭ কোটি ৬ লাখ টাকা। অন্যদিকে একই সালে তালিকাভুক্ত হওয়া মেঘনা কনডেন্সডের অনুমোদিত মূলধন ৮০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা। পুঞ্জিভূত লোকসানের পরিমাণ ১১১ কোটি ২৭ লাখ টাকা।
কোন মন্তব্য নেই