সাউথইস্ট ও মেঘনা ব্যাংকের বন্ড অনুমোদন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাউথইস্ট ও মেঘনা ব্যাংকের বন্ড অনুমোদন


বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও তালিকাবহির্ভূত মেঘনা ব্যাংক লিমিটেড। এর মধ্যে সাউথইস্ট ব্যাংক ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেট বন্ড ছাড়বে। মেঘনা ব্যাংক ছাড়বে ২০০ কোটি টাকার বন্ড। ব্যাংক দুটির বন্ড ছাড়ার এ প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮০৪তম কমিশন সভায় গতকাল এটি অনুমোদন দেয়া হয়।


সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার রূপান্তর অযোগ্য, আনসিকিউরড ফ্লোটিং রেট সাব-অর্ডিনেট বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটির ৫০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অবহিত মূল্য হবে ১ কোটি টাকা। কুপন হার ৭ শতাংশ থেকে ৯, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে। বন্ডটি ইস্যুর মাধ্যমে এডিশনাল টায়ার টু মূলধনের ভিত্তি শক্তিশালী করবে সাউথইস্ট ব্যাংক।


অন্যদিকে মেঘনা ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ডটিও রূপান্তর অযোগ্য। এটি পুরোপুরি অবসায়নযোগ্য। কুপন বিয়ারিং সাব-অর্ডিনেট বন্ডটির ২০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অবহিত মূল্য হবে ১ কোটি টাকা। কুপন হার ৭ শতাংশ থেকে ৯ শতাংশ, যা প্রতিষ্ঠানিক ও যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে। বন্ডটি ইস্যুর মাধ্যমে এডিশনাল টায়ার টু মূলধনের ভিত্তি শক্তিশালী করবে মেঘনা ব্যাংক।

কোন মন্তব্য নেই