মাইক্রোসফটের ৩৭ জিবি ডাটা হাতিয়ে নিয়েছে ল্যাপসাস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাইক্রোসফটের ৩৭ জিবি ডাটা হাতিয়ে নিয়েছে ল্যাপসাস


স্যামসাং, এনভিডিয়ার পর এবার হ্যাকিংয়ের শিকার হয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ল্যাপসাস নামে একটি তথ্য পাচারকারী গোষ্ঠী এ হ্যাকিংয়ে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টেনাসহ সফটওয়্যার জায়ান্টটির ৩৭ জিডি ডাটা হাতিয়ে নেয়ার দাবি করছে ল্যাপসাস। খবর দ্য ভার্জ।


স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে মাইক্রোসফট জানায়, একটি অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এতে তাদের কিছু পণ্যের সোর্স কোড বেহাত হয়েছে। ল্যাপসাসকে ‘ডেভ-০৫৩৭’ নামে অভিহিত করে মাইক্রোসফট থ্রেট ইন্টেলিজেন্স সেন্টার (এমএসটিআইসি) জানায়, ডেভ-০৫৩৭-এর উদ্দেশ্য হচ্ছে ডাটা হাতিয়ে নিয়ে তার বিনিময়ে অর্থ দাবি করা।


এমএসটিআইসি আরো জানায়, বেহাত হওয়া সোর্স কোডের ফলে মারাত্মক কোনো ঝুঁকি তৈরি হবে না। এছাড়া হ্যাকারদের মাঝপথে আটকে দিতে সক্ষম হয়েছে মাইক্রোসফটের রেসপন্স টিম। 


গত রোববার ল্যাপসাস তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে মাইক্রোসফটের সংবেদনশীল কিছু স্ক্রিনশট শেয়ার করে। এতে মাইক্রোসফটের অ্যাজুর ডেভঅপসের বিভিন্ন সোর্স কোড প্রকাশ করে দেয়া হয়। ছবিতে স্পষ্ট মাইক্রোসফটের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ও সার্চ ইঞ্জিন বিংয়ের সোর্স কোড বেহাত হয়েছে।


ল্যাপসাস বলছে, তারা বিং ম্যাপসের ৯০ শতাংশ এবং বিং ও কর্টেনার ৪৫ শতাংশ সোর্স কোড হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। অন্যান্য সাইবার অপরাধীগোষ্ঠীর চেয়ে ল্যাপসাস কিছুটা ভিন্ন আচরণ করে। র্যানসমওয়্যারের মাধ্যমে আক্রান্তের ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে অন্যান্য সাইবার অপরাধী যেখানে বড় অংকের ক্ষতিপূরণ দাবি করে, সেখানে ল্যাপসাস প্রযুক্তি জায়ান্টগুলোর সোর্স কোড ফাঁসের হুমকি দিচ্ছে। বড় বড় কোম্পানির সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়ে  বিনিময়ে বড় অংকের অর্থ দাবি করছে ল্যাপসাস। গিজমোদোর এক প্রতিবেদনে বলা হয়, ল্যাপসাস তাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে মাইক্রোসফটের সোর্স কোডগুলো সরিয়ে নিয়েছে। সেখানে তথ্য পাচারকারী গ্রুপটি বলছে, আপাতত ডিলিট করা হলো, তবে পরবর্তী সময়ে আবারো পোস্ট হতে পারে। স্পষ্টত সোর্স কোডগুলোর বিনিময়ে মাইক্রোসফট থেকে অর্থ আদায় করতে চাইছে ল্যাপসাস।

কোন মন্তব্য নেই