স্টোরেজ প্রযুক্তির উন্নয়নে স্যামসাং ও ওয়েস্টার্ন ডিজিটালের চুক্তি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্টোরেজ প্রযুক্তির উন্নয়নে স্যামসাং ও ওয়েস্টার্ন ডিজিটালের চুক্তি


ক্লাউড ও সার্ভার অবকাঠামো তৈরিতে পরবর্তী প্রজন্মের স্টোরেজ প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে ও উন্নয়নে ওয়েস্টার্ন ডিজিটালের সঙ্গে চুক্তি করেছে স্যামসাং। খবর গ্যাজেটসনাউ।


জোনড স্টোরেজ ও স্থিতিশীল ইকোসিস্টেম তৈরিতে ওয়েস্টার্ন ডিজিটালের সঙ্গে কাজ করবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। স্যামমোবাইলের প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্যামসাং ও ওয়েস্টার্ন ডিজিটাল যে উদ্যোগ নিয়েছে, সেটি জোনড স্টোরেজ নামে পরিচিত। এ প্রকল্পের মাধ্যমে যেসব প্রযুক্তিতে জোনড নেম স্পেসেস (জিএনএস) এসএসডি ও সিঙ্গেলড ম্যাগনেটিক রেকর্ডিং (এসএমআর) হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে, সেগুলোর ব্যবহার নিশ্চিতে কাজ করা হবে।


ক্লাউড পরিষেবা ও এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে জোনড স্টোরেজ প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে দুটি প্রতিষ্ঠান সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে ব্যবহারকারীদের ডিভাইস একাধিক প্রতিষ্ঠানের পরিষেবা গ্রহণে সক্ষম হবে, যার পরিপ্রেক্ষিতে বিস্তৃত ইকোসিস্টেম গড়ে উঠবে।


স্যামসাংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে লিনাক্সের কার্নেল ও ওপেন সোর্স সফটওয়্যার কমিউনিটিতে জোনড স্টোরেজ কার্যকরেও ওয়েস্টার্ন ডিজিটাল অবদান রেখেছে। প্রযুক্তিটির দ্রুত বিকাশ নিশ্চিতের পাশাপাশি ব্যবহারকারী ও অ্যাপ ডেভেলপারদের আরো বিস্তৃত পরিসরে সহায়তা প্রদানে কাজ করবে স্যামসাং। দুটি প্রতিষ্ঠানই উচ্চক্ষমতার মডেল ও ফ্রেমওয়ার্কের উন্নয়নে স্টোরেজ নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এসএনআইএ) ও লিনাক্স ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবে।


২০২১ সালের ডিসেম্বরে স্টোরেজ নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন জোনড স্টোরেজ টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের অনুমোদন দেয়। গ্রুপটি জোনড স্টোরেজের সাধারণ ব্যবহারের পাশাপাশি হোস্ট ডিভাইস আর্কিটেকচার ও প্রোগ্রাম মডেলের ব্যাখ্যা দিয়ে থাকে। ভবিষ্যতে গ্রুপটি এনভিএমই ওভার ফ্যাব্রিকস স্টোরেজ প্রযুক্তির উন্নয়নেও কাজ করবে।

কোন মন্তব্য নেই