মেঘনা পেট ও কনডেন্সডের বিরুদ্ধে বিএসইসি’র তদন্ত কমিটি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেঘনা পেট ও কনডেন্সডের বিরুদ্ধে বিএসইসি’র তদন্ত কমিটি


শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত একটি আদেশে জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।


সম্প্রতি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি দুইটি পরিদর্শন করেছে এবং এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করেছে। ওই প্রতিবেদনের আলোকে চার সদস‌্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ‌্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে কমিশন।


বিএসইসি’র গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম, একই প্রতিষ্ঠানের উপ-পরিচালক শাহারিয়ার পারভেজ, সহকারি পরিচালক মো. মিনহাজ বিন সেলিম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. রাসেল রহমান।


বিএসইসি’র জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, ডিএসইর দাখিল করা পরিদর্শন প্রতিবেদনের আলোকে বিএসইসি মনে করে, পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজে বিরুদ্ধে তদন্ত করা প্রয়োজন। তাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সালের অধ্যাদেশ নং XVII) এর ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ১৭ক ধারা অনুযায়ী কোম্পানি দুইটির বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিতে বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলো। তদন্ত কর্মকর্তারা এ আদেশ জারির ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসর কাছে একটি প্রতিবেদন জমা দেবেন।

কোন মন্তব্য নেই