৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে ৮৭ বেসামরিক ব্যক্তি ও ৯৯ নিরাপত্তাকর্মী নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে ৮৭ বেসামরিক ব্যক্তি ও ৯৯ নিরাপত্তাকর্মী নিহত


ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ৮৭ জন বেসামরিক নাগরিক এবং ৯৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে ওই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।    


হিন্দি গণমাধ্যম ‘দ্য ওয়্যার’ সূত্রে প্রকাশ, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান,  সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের জিরো টলারেন্স নীতির ফলে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা কমেছে। ২০১৮ সালে ৪১৭টি সন্ত্রাসী হামলা হয়েছিল, যেখানে ২০১৯ সালে ২৫৫টি সন্ত্রাসী হামলা, ২০২০  সালে ২৪৪টি এবং ২০২১ সালে ২২৯টি সন্ত্রাসী হামলা হয়েছে। এ ছাড়া ২০১৪ সালের মে মাস থেকে ২০১৯ সালের ৪ আগস্ট পর্যন্ত জম্মু ও কাশ্মীরে কমপক্ষে ১৭৭ জন বেসামরিক ব্যক্তি এবং ৪০৬ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।   



নিত্যানন্দ রাই

এ প্রসঙ্গে আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের ‘বন্দি মুক্তি কমিটি’র সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার রেডিও তেহরানকে বলেন, ‘আমরা মানবাধিকার কর্মী বা ‘বন্দি মুক্তি কমিটি’ দীর্ঘদিন ধরে বলে আসছি যে, কাশ্মীরের সমস্যা সমস্তটাই রাজনৈতিক। এটা কোনোভাবে আপনি ৩৭০ ধারা বাতিল করে বা পুলিশ, মিলিটারি যত রকমের ফোর্স আছে সেই ফোর্স দিয়ে ৩৩ বছরের উপরে চেষ্টা চলছে, দীর্ঘদিন ধরে সেখানে ‘আর্মড  ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট’ (‘আফস্পা’) কার্যকর রয়েছে তারপরেও কাশ্মীরের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন করা যায়নি। সেজন্য আমরা বার বার বলছি যে, কংগ্রেস আমলে এত লোক মারা গিয়েছিল, ৩৭০ ধারা তোলার পর কম লোক মারা গেছে বলার যে চেষ্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় করছে, এ সংক্রান্ত তথ্য তাদের রাজনীতির ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু আপাতভাবে সাধারণ মানুষের এবং কাশ্মীরের পক্ষে এটা ভালো খবর না।’  



ভানু সরকার

তিনি বলেন, ‘আমরা বারবার বলছি কাশ্মীরের সমস্যা রাজনৈতিক সমস্যা। আলাপ-আলোচনা করেই মেটাতে হবে। পুলিশ, মিলিটারি, আইন ৩৭০ ধারা বাতিল, ‘আফস্পা’ এসব কোনও কিছু দিয়ে এর মোকাবিলা করা যাবে না। সেজন্য অবিলম্বে সেনাবাহিনীসহ সমস্ত রকমের বাহিনী প্রত্যাহার করতে হবে এবং কাশ্মীরি জনগণের সঙ্গে ভারত সরকারের আলোচনা করতে হবে, দীর্ঘদিন ধরে যেটা বকেয়া আছে।’


স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে বলেন, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টা চেকপোস্টে সন্ত্রাসীদের বিরুদ্ধে তল্লাশি, টহল ও অভিযান চালানো হচ্ছে। 


কংগ্রেস এমপি শক্তিসিংহ গোহিলের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই ওই তথ্য জানান। গোহিল জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল এবং রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর থেকে সন্ত্রাসীদের দ্বারা নিহত বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা কর্মীদের সংখ্যা নিয়ে প্রশ্ন করেছিলেন।   


জম্মু-কাশ্মীর ইস্যুতে বিভিন্ন প্রশ্নের জবাবে ২০১৯ সাল থেকে সন্ত্রাসীদের হাতে ৪ কাশ্মীরি পণ্ডিত সহ ১৪ জন হিন্দু নিহত হয়েছে বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানান।

কোন মন্তব্য নেই