মার্চে থাইল্যান্ডের মূল্যস্ফীতি ৫.৭৩ শতাংশে উন্নীত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্চে থাইল্যান্ডের মূল্যস্ফীতি ৫.৭৩ শতাংশে উন্নীত


বিশ্বের অন্যান্য দেশের মতো থাইল্যান্ডেও পণ্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গত মাসে দেশটির ভোক্তা মূল্য সূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। এ বাড়ার গতি গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। খবর ব্যাংকক পোস্ট।


গতকাল থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্চে সিপিআই প্রত্যাশার চেয়ে অনেক বেশি বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির দাম সবচেয়ে বেশি বেড়েছে। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা ৫ দশমিক ৬০ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছিলেন। এর আগে ফেব্রুয়ারিতে সিপিআই বেড়েছিল ৫ দশমিক ২৮ শতাংশ। এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো মূল্যস্ফীতি ব্যাংক অব থাইল্যান্ডের ১ থেকে ৩ শতাংশ লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।


ট্রেড পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসের মহাপরিচালক রোনারং ফুলপিপাট একটি সংবাদ সম্মেলনে বলেন, মন্ত্রণালয় চলতি বছরের সিপিআই বাড়ার পূর্বাভাস দশমিক ৭-২ দশমিক ৪ থেকে বাড়িয়ে ৪-৫ শতাংশ করেছে। এর আগে ২০০৮ সালে দেশটির মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫ শতাংশ।


তিনি বলেন, অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানির দামের সীমা বেধে দেয়া এবং ভর্তুকিসহ থাই সরকারের নেয়া বহুমুখী পদক্ষেপ মূল্যস্ফীতি বৃদ্ধির গতি ধীর করবে বলে আশা করা হচ্ছে। উচ্চমূল্যস্ফীতি অবশ্যই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত বলে মনে করছেন নীতিনির্ধারকরা। তবে এটি এতটা উদ্বেগজক নয় যে আরো পদক্ষেপের প্রয়োজন হবে।


বাজারে অস্থিরতার মধ্যে থাকা খাদ্য ও জ্বালানির দাম বাদ দিয়ে কোর সিপিআই সূচক মার্চে ২ শতাংশ বেড়েছে।  এটিও ১ দশমিক ৮০ শতাংশ বাড়ার পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক ২০২২ সালের মূল্যস্ফীতির পূর্বাভাস সংশোধন করে ১ দশমিক ৭ শতাংশ থেকে ৪ দশমিক ৯ শতাংশে উন্নীত করেছে।

কোন মন্তব্য নেই