মানসিকভাবে ভেঙে পড়েছেন নেইমার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মানসিকভাবে ভেঙে পড়েছেন নেইমার


নকআউটে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপের আসর থেকে বাদ পড়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন নেইমার জুনিয়র। ক্যারিয়ারে অন্য যে কোনো পরাজয়ের তুলনায় এবারের হারকে বেশি বেদনাদায়ক বলে আক্ষেপও প্রকাশ করেন তিনি। খবর দ্য স্ট্রেইটস টাইমস।


গত শুক্রবার কাতারের আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামের ম্যাচটিতে গোলশূন্য ৯০ মিনিটের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ১-১ গোলে অমীমাংসিত থাকে ম্যাচটি। শেষে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে পরাজিত হয় হলুদ জার্সি। এখন হেক্সা জয়ের মিশনে নামতে লাতিন দলটিকে অপেক্ষা করতে হবে আরো চার বছর।


শুক্রবারের ম্যাচশেষে এক ইনস্টাগ্রাম পোস্টে নেইমার বলেছেন, আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছি। এবারের পরাজয় আমাকে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। ম্যাচের পর দশ মিনিটের জন্য আমি স্তব্ধ হয়ে ছিলাম। শেষে আমি আর কান্না ধরে রাখতে পারিনি।


এদিকে ম্যাচ হারার সঙ্গে সঙ্গেই নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। নেইমারও ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের জার্সিতে আর মাঠে না নামার। তবে পাঁচ তারকা খচিত হলুদ জার্সি গায়ে আবার যাদু দেখাবেন ফুটবলের রাজপুত্র, এমন প্রত্যাশা এখনই ছাড়ছেন না সমর্থকরা। নেইমারকে খেলা চালিয়ে যাওয়া এবং ভক্তদের আনন্দ দেয়া অব্যাহত রাখার অনুরোধ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।  


আর ভক্তদের উদ্দেশেই নেইমার বলেছেন, আমার এবং ব্রাজিল দলের প্রতি আপনাদের সমর্থন ও শ্রদ্ধার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে এটা খেলারই অংশ। ফুটবলে এমনই হয়।

কোন মন্তব্য নেই