ডেস্কটপ সার্চেও গুগলের কন্টিনিউয়াস স্ক্রলিং চালু
অ্যান্ড্রয়েড প্লাটফর্মের পর ডেস্কটপ সংস্করণের জন্য কন্টিনিউয়াস স্ক্রলিং ফিচার চালু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। ফলে কোনো কিছু অনুসন্ধান করা হলে ব্যবহারকারীকে আর পরবর্তী পেজে যেতে হবে না। খবর টেকক্রাঞ্চ।
২০২১ সালের অক্টোবরে মোবাইল সংস্করণের জন্য ফিচারটি চালু করে গুগল। প্রায় এক বছর পর ডেস্কটপের জন্যও এটি চালু করা হলো। নতুন এ ফিচারকে কন্টিনিউয়াস বা সীমাহীন স্ক্রলিং বলে আখ্যা দেননি প্রযুক্তি বিশারদ। কেননা ব্যবহারকারীরা টানা ছয়টি পেজের সার্চ রেজাল্ট দেখতে পারবে। এরপর আরো তথ্য দেখার জন্য মোর অপশনে চাপ দিতে হবে। অন্যদিকে অ্যান্ড্রয়েড মোবাইল সংস্করণে চারটি পেজের তথ্য দেখানো হয়।
প্রথম থেকে এখন পর্যন্ত সার্চ করার সময় ব্যবহারকারীদের পেজের মাধ্যমে ফল দেখাত গুগল। অর্থাৎ স্ক্রল ডাউন করে একেবারে পেজের নিচে আসার পর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পেজে যেতে হতো। নতুন ফিচারের কারণে যেসব সাইট আগে প্রথম পাতায় আসত না সেগুলোও শীর্ষে থাকবে।
সার্চ রেজাল্টের মান কমে যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য না পাওয়ার অভিযোগ করে আসছিল ব্যবহারকারীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্চকে আরো কার্যকর ও শক্তিশালী করতে বেশকিছু পরিবর্তন এনেছে সফটওয়্যার জায়ান্টটি। সেপ্টেম্বরে ‘ডিসকাশনস অ্যান্ড ফোরামস’ নামে পরিচিত এক বিভাগের অধীনে রেডিট ও কোরায় প্রকাশিত বিভিন্ন ফল দেখানোর একটি ফিচার চালু করে গুগল। ৯টু৫গুগলের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ডেস্কটপে ইংরেজি ভাষায় ফিচারটি চালু করা হবে।
মোবাইল প্লাটফর্মে একাধিক পরিবর্তন আনা হলেও ডেস্কটপ ভার্সনেও বেশকিছু ফিচার আনতে কাজ করছে গুগল। এর মধ্যে স্ক্রিনে উইজেট ডিজাইনের কার্ড চালু করার পরীক্ষা চালাচ্ছে। এর মাধ্যমে আবহাওয়াসহ অন্যান্য বিষয়ের তথ্য পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই