খেলাপি ঋণের বাস্তব চিত্র উন্মোচনে সন্তোষ প্রকাশ আইএমএফের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

খেলাপি ঋণের বাস্তব চিত্র উন্মোচনে সন্তোষ প্রকাশ আইএমএফের

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টাইমস এক্সপ্রেস ২৪

৩১ অক্টোবর ২০২৫, সকাল ৯:৫৯ 

দেশে খেলাপি ঋণ ক্রমেই লাগামহীন হয়ে পড়ছে। আগামী বছরের মধ্যে খেলাপি ঋণ কমানোর আশ্বাস দিলেও এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি বাংলাদেশ ব্যাংক। তবে গোপন রাখা বিপুল পরিমাণ খেলাপির প্রকৃত চিত্র প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধি দল এ সন্তোষ প্রকাশ করে।

তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) গঠনসহ বিভিন্ন পুনঃঅর্থায়ন ও প্রাক-অর্থায়ন সুবিধা নিয়ে প্রশ্ন তোলে সংস্থাটি।

বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির ডেভেলপমেন্ট ম্যাক্রোইকোনমিকস বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিও। অপরদিকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক ড. এজাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র জানায়, আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত অনুযায়ী সরকারি ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। তবে গত বছরের আগস্টে সরকারের পরিবর্তনের পর গোপন খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ প্রকাশ পেতে শুরু করে।

চলতি বছরের জুন শেষে দেখা যায়, এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৭ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৪ লাখ কোটি টাকা বেশি। বর্তমানে সরকারি ব্যাংকের খেলাপির হার ৪০ শতাংশেরও বেশি, আর বেসরকারি ব্যাংকেও এ হার ১০ শতাংশের ওপরে

বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল মুদ্রানীতি কাঠামো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার, তারল্য সহায়তা এবং রিজার্ভ ব্যবস্থাপনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে। সংস্থাটি মূল্যস্ফীতি কিছুটা কমায় সন্তোষ প্রকাশ করলেও সতর্ক করেছে, দীর্ঘমেয়াদে সংকোচনমূলক নীতি যেন বিনিয়োগে বাধা সৃষ্টি না করে।

এছাড়া, রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের আর্থিক অবস্থান, ব্যাংক খাতের তারল্য সংকট, প্রভিশন ঘাটতি, পুনঃমূলধন, বৈদেশিক মুদ্রার সংকট এবং সবুজ অর্থনীতিতে বিনিয়োগ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন,

“আইএমএফের পঞ্চম রিভিউ মিশন নিয়মিত ভিজিট করছে। তারা ঋণের শর্ত বাস্তবায়নের অগ্রগতি জানতে তথ্য নিচ্ছে। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার, তারল্য সহায়তা, রিজার্ভের ব্যবহার ও খেলাপি ঋণ কমানোর পদক্ষেপের ওপর তারা গুরুত্ব দিয়েছে।”

কোন মন্তব্য নেই