পল্লবীতে জামায়াতের পোলিং এজেন্টসহ ২ জনের কারাদণ্ড
রাজধানীর পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী অনিয়মের দায়ে জামায়াতের দাঁড়িপাল্লা মার্কার দুই পোলিং এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে দায়িত্ব পালনকালে অনিয়ম ধরা পড়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।
প্রত্যক্ষদর্শীদের মতে, নির্বাচনের আগের রাতেই তারা নিয়মবহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, ওই কেন্দ্রের পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা)–এর দায়িত্বে তারা অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। জানা গেছে, সুমনা ইসলাম স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী দুইজনকে দুই বছর সশ্রম কারাদণ্ড, সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে পোলিং অফিসার সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ওসি এ.কে.এম. আলমগীর জাহান জানান, দণ্ডপ্রাপ্ত দুইজনকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই