জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

 



প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দেশবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোটদান কেবল নাগরিক অধিকার নয়, বরং একটি দায়িত্ব। তাই রাজনৈতিক বিভেদ ভুলে শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে ভোটারদের কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান তিনি।

বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন সিইসি। ভাষণটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি প্রচারিত হয়। এতে তিনি নির্বাচন কমিশনের প্রস্তুতি, প্রত্যাশা ও সার্বিক দিক তুলে ধরেন।

ভাষণের শুরুতেই সিইসি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফেরার দোয়াও করেন তিনি।

সিইসি বলেন, দেশের ভোটাররা সচেতনভাবে ভোটদানের দায়িত্ব পালন করবেন—এ প্রত্যাশা কমিশনের। তিনি রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ।’ তাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে সবাইকে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান তিনি।

জয়-পরাজয় প্রসঙ্গে সিইসি আরও বলেন, নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অংশ, তাই ফলাফল যাই হোক—সেটি সবার গ্রহণ করা উচিত। ব্যক্তিগত কষ্ট বা সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে জাতীয় নির্বাচনের এই মহতী দায়িত্ব পালন করার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি।

নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে সিইসি বলেন, অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় মাঠে রয়েছে নির্বাচন কর্মকর্তা, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি সবাইকে তাদের সহযোগিতা করার আহ্বান জানান।

সিইসি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসী একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে পাবে।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

কোন মন্তব্য নেই