ভোটের আগের রাতে একগুচ্ছ অভিযোগ ইসিতে জমা দিল বিএনপি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভোটের আগের রাতে একগুচ্ছ অভিযোগ ইসিতে জমা দিল বিএনপি

 



জাতীয় নির্বাচনের আগের রাতেই একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) হাজির হয়েছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যা ৭টার পর ইসিতে উপস্থিত হয়ে নির্বাচন কমিশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নজরুল ইসলাম খান বলেন, “আজ আমাদের কয়েকটি অপছন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা মনে করেছি, বিষয়গুলো ইসিকে জানানো জরুরি—যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে।”

বিএনপির অভিযোগের তালিকা

নজরুল ইসলাম খান জানান, তাদের অভিযোগগুলোর মধ্যে রয়েছে—

  • সৈয়দপুর বিমানবন্দরে একজনের কাছে মোটা অঙ্কের টাকা উদ্ধার

  • চাঁপাইনবাবগঞ্জে টাকা বিতরণের সময় জামায়াত নেতা আটক

  • সিরাজগঞ্জে ভোটের সময় জনগণের হাতে জামায়াত নেতা আটক

  • বরগুনা-২ আসনে টাকা ও অস্ত্রসহ দুইজন আটক

  • নোয়াখালীতে টাকা ও হ্যান্ডবেল্টসহ আটক

  • ময়মনসিংহে সাবান-শ্যাম্পু বিতরণের সময় আটক

  • চট্টগ্রাম-৯ এ জামায়াত নেতার চাল–ডাল–তেল বিতরণকালে আটক

  • রাজশাহীতে টাকা নিয়ে ভোট কিনতে আসা জামায়াত নেতা আটক

  • সিলেটে খেলাফত মজলিস প্রার্থী মসলেহ উদ্দিনের পক্ষে অর্থ বিলির অভিযোগে জামায়াত নেতা আটক

  • ফেনী-১ এ জামায়াত প্রার্থীর পক্ষ থেকে নারী ভোটারকে টাকা দেওয়ার ভিডিওসহ অভিযোগ

তিনি জানান, এসব ঘটনার ভিডিও ও প্রমাণইসির কাছে জমা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ইসি সচিবের বক্তব্য নিয়ে ‘বিব্রত’ বিএনপি

নজরুল ইসলাম খান বলেন, “ইসি সচিব বলেছেন—বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনে বাধা নেই। এ ধরনের মন্তব্য আমাদের খুব বিব্রত করেছে।”

তিনি প্রশ্ন তোলেন, “সবই যদি এমন হয়, তবে কেন একদিনে বিকাশে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না বলা হয়েছিল? উদ্দেশ্য ছিল ভোট কেনাবেচা ঠেকানো—তাহলে এমন বক্তব্য কেন?”

তবে ইসি সচিব নাকি প্রতিনিধি দলের কাছে পরিষ্কার করে বলেছেন—তিনি এমন কোনো বক্তব্য দেননি।

জামায়াতের ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ঢাকায় জামায়াতের নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন,
“এটা খুব অন্যায় হয়েছে। যারা করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।”

কাদের নিয়ে দলটি ইসিতে গিয়েছিল

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—

  • বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ

  • নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন রিমন

তারা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইসি ভবনে আসেন।

এর আগে সন্ধ্যায় ১১ দলীয় জোটের পক্ষ থেকেও ইসির সঙ্গে বৈঠকে অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদসহ কয়েকজন প্রতিনিধি।

কোন মন্তব্য নেই