২০২৫ সালের জন্য গ্রামীণফোনের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে সমন্বিতভাবে গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সা, যা আগের বছরে ছিল ২৬ টাকা ৮৯ পয়সা। বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৫ টাকা ৬০ পয়সা, যেখানে আগের বছরে তা ছিল ৪৫ টাকা ৯১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৭ টাকা ৯৫ পয়সা।
এর আগে গ্রামীণফোন ২০২৫ সালের জন্য ১১০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ প্রদান করেছিল। সব মিলিয়ে আলোচিত বছরের জন্য কোম্পানিটি মোট ২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যা ওই বছরের অর্জিত মোট নিট মুনাফার ৯৮ দশমিক ১৬ শতাংশ।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ এপ্রিল হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মার্চ।
কোন মন্তব্য নেই