৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান


 ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভির মহাপরিচালককে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিটিভি মহাপরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী প্রচারণার জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসরণ করে দলীয় প্রধানদের জন্য বিটিভিতে প্রচারণার স্লট বরাদ্দ দিতে হবে। এতে উল্লেখ করা হয়েছে—

  • লিখিত আবেদন পাওয়ার সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ

  • প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য পৃথক স্লট ও স্লটের মেয়াদ নির্ধারণ

  • প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা

এছাড়া, যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন পাওয়ার ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এখনো আবেদন না করায়, বিএনপির পক্ষ থেকে চাওয়া অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে তারেক রহমানকে ভাষণ দেওয়ার সুযোগ দিতে বিটিভিকে নির্দেশ দিয়েছে কমিশন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

কোন মন্তব্য নেই