জামায়াত আমীরের সঙ্গে চীন ও জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে চীন ও জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের পৃথক সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বুধবার বসুন্ধরা এলাকায় জামায়াত আমীরের কার্যালয়ে সকাল ৯টা থেকে ১১টার মধ্যে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।
চীনা পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
চীনা প্রতিনিধিরা আশা প্রকাশ করেন—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সরকার ও জনগণ সক্ষম হবে। ভবিষ্যতে দু’দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জামায়াত আমীরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
জাপানি নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
এর আগে সকাল ৯টায় জামায়াত আমীরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দলের নেতৃত্ব দেন জাপানের রাষ্ট্রদূত ও নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান মাসাতো ওয়াতানাবে।
জাপানি প্রতিনিধি দল জানান—বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করাই তাদের সফরের প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করতে তারা সহযোগিতা করতে চান।
বৈঠকে আশা প্রকাশ করা হয়—জাপানের এই পর্যবেক্ষণ উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং নির্বাচনী পরিবেশ উন্নত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
জাপানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

কোন মন্তব্য নেই