বাজেট অধিবেশনে একদিনও ছিলেন না মাশরাফি
জাতীয় সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন হলো বাজেট অধিবেশন। এটি চলাকালীন একদিনও সংসদে উপস্থিত ছিলেন না জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
সংসদের নোটিশ শাখা সূত্রে বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। সংসদের এই দীর্ঘ অধিবেশন ২১ কার্যদিবস চললেও মাশরাফিসহ মোট তিন এমপি সংসদে যাননি। তাদের দুজন আওয়ামী লীগের এবং একজন জাতীয় পার্টির এমপি।
খবরে বলা হয়, চলমান একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন গত ১১ জুন শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত চলে। এর মধ্যে সংসদ অধিবেশনে মোট ২১টি বৈঠক দিবস ছিল। অধিবেশনকালে সদস্যদের উপস্থিতির গড় ছিল ২৫৯ জন। সর্বোচ্চ ও সর্বনিম্ন উপস্থিতি ছিল যথাক্রমে ৩০৬ জন (১৩ জুন) এবং ১৫৯ জন (২২ জুন)। অধিবেশনে আওয়ামী লীগের মাশরাফি বিন মর্তুজা (৯৪ নড়াইল-১), বেগম সিমিন হোসেন রিমি (১৯৭ গাজীপুর-৫) এবং জাতীয় পার্টির হুসেইন মুহম্মদ এরশাদসহ সর্বমোট তিনজন অনুপস্থিত ছিলেন।
খবরে আরো বলা হয়, ওই সময় ক্রিকেট বিশ্বকাপ চলার কারণে সংসদে যেতে পারেননি মাশরাফি। অন্য দুজন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পরে অবশ্য অসুস্থতার কারণে জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু হয়।
এ বিষয়ে মাশরাফি বিন মর্তুজার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘মাশরাফি বিন মর্তুজা আমাদের জাতীয় বীর। তিনি বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বে উজ্জ্বল করেছেন। তিনি কেন সংসদে যাননি, সে বিষয়ে খোঁজ নিয়েছি। সে সময় ক্রিকেট বিশ্বকাপ চলায় তিনি সংসদে যেতে পারেননি। খেলার কারণে দেশের বাইরে ছিলেন মাশরাফি।’

কোন মন্তব্য নেই