স্বচালিত প্রযুক্তিতে দক্ষতা বাড়াচ্ছে টয়োটা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্বচালিত প্রযুক্তিতে দক্ষতা বাড়াচ্ছে টয়োটা


প্রযুক্তিভিত্তিক অধিগ্রহণের পরিমাণ আরো বিস্তৃত করেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। এ লক্ষ্যে সম্প্রতি নিজেদের ওভেন প্লানেট টিমে স্বচালিত গাড়ির জন্য সিলিকন ভ্যালির সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রেনোভো মোটরস অধিগ্রহণ করে টয়োটা। এর মাধ্যমে স্বচালিত প্রযুক্তির উন্নয়নে আরো গতি আনবে প্রতিষ্ঠানটি। খবর অ্যাসোসিয়েটেড প্রেস।


এর আগে স্বয়ংক্রিয় গাড়ি চলাচলের জন্য সঠিক নির্দেশনা সমন্বয়কারী প্রতিষ্ঠান কারমেরা অধিগ্রহণ করে টয়োটা। যুক্তরাষ্ট্রভিত্তিক করমেরা রাস্তার ম্যাপ সংগ্রহ করে তা বিশেষ ও পরিশীলিত পদ্ধতিতে ব্যবহার উপযোগী করে তুলেছে। কয়েক লাখ ইন্টারনেট কানেক্টেড টয়োটা কার থেকে ক্রাউডসোর্সিং পদ্ধতি ব্যবহার করে সংস্থাটি দ্রুত ও স্বল্প খরচে এ ম্যাপ উন্নয়ন করেছে। তবে এসব চুক্তির কোনোটিরই মূল্যমান প্রকাশ করেনি টয়োটা।


রেনোভোর প্রধান নির্বাহী ক্রিস্টোফার হেইসের বলেন, ওভেন প্লানেট ও টয়োটা এমন প্রতিষ্ঠান, যাদের সঙ্গে আমাদের প্রতিশ্রুতি মিলে যায়। আমরা সবসময় বিশ্বব্যাপী যা করতে চাইতাম তারা ঠিক তা-ই প্রত্যাশা করে। এটা একটা আনন্দপূর্ণ অনুভূতি।


ওভেন প্লানেট টয়োটার মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান। এরই মধ্যে সংস্থাটি সান ফ্রান্সিসকো-ভিত্তিক লিফটের স্বয়ংক্রিয় ড্রাইভিং ডিভিশন লেভেল-৫ অধিগ্রহণ করেছে।


টয়োটা রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী জেমস কোফনার জানান, সামনের দিনগুলোতে এ রকম আরো অধিগ্রহণের খবর আসতে পারে।

কোন মন্তব্য নেই