পুনরায় ফ্লাইটের অনুমোদন পেল ভার্জিন গ্যালাক্টিক
ভার্জিন গ্যালাক্টিক জানিয়েছে, এফএএর পরামর্শ দেয়া প্রস্তাবিত সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরের মিশনগুলোয় একটি বৃহত্তর এলাকা সুরক্ষিত আকাশসীমা হিসেবে চিহ্নিত করা হবে। এর মাধ্যমে মহাকাশ অভিযান চলাকালীন বিভিন্ন ধরনের সম্ভাব্য ফ্লাইট ট্র্যাজেক্টরির জন্য বিস্তৃত জায়গা নিশ্চিত করা হয়।
সংস্থাটি জানিয়েছে, এফএএ এয়ার ট্রাফিক কন্ট্রোলকে রিয়েল-টাইম মিশন তথ্য জানাতে তার ফ্লাইট পদ্ধতিতে অতিরিক্ত পদক্ষেপ অন্তর্ভুক্ত করবে।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল কলগ্লেজিয়ার বলেন, আমরা নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এফএএর পর্যালোচনা আমাদের কাছে প্রশংসিত হয়েছে। আমাদের আকাশসীমা ও রিয়েল-টাইম মিশন তথ্য হালনাগাদ আমাদের প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে। কারণ আমরা বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের কাছাকাছি চলে যাচ্ছি।
গত ১১ জুলাই ভার্জিন গ্যালাক্টিকের রকেটশিপটি নিউ ম্যাক্সিকোর একটি রানওয়েতে অবতরণের সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল ক্লিয়ারেন্স এলাকার বাইরে চলে গিয়েছিল। ওই ফ্লাইটে সংস্থাটির প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসহ পাঁচ ক্রু ছিল। এ ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মার্কিন নিয়ন্ত্রক সংস্থা গ্যালাক্টিকের সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছিল।
ভার্জিন গ্যালাক্টিক বলেছে, তীব্র বাতাসের চাপ ফ্লাইটের পথ পরিবর্তন করে দিয়েছিল এবং দুই পাইলট সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল। আর আমাদের রকেটশিপটি মানববসতির ওপর দিয়ে চলাচল করেনি এবং জনসাধারণের জন্য কোনো বিপদের আশঙ্কা ছিল না।

কোন মন্তব্য নেই