ছর গেল র্যানসমওয়্যার হামলার আতঙ্কে
গত বছর র্যানসমওয়্যার হামলার লক্ষ্যবস্তু হয়েছে গুরুত্বপূর্ণ কিছু সরকারি-বেসরকারি অবকাঠামো। কলোনিয়াল পাইপলাইন নামে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ তেল পাইপলাইন ব্যবস্থার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ব্রাজিলভিত্তিক মাংস প্রক্রিয়াজাতকারী কোম্পানি জেবিএসে সাইবার হামলা বেশ বিপর্যয় নিয়ে আসে।
র্যানসমওয়্যার হামলায় যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় প্রলম্বিত শাটডাউন দেখা গেছে, তেলের দাম বেড়েছে এবং কোথাও কোথাও খাদ্যস্বল্পতা দেখা গেছে। শুরুতে তেমন পাত্তা না দিলেও র্যানসমওয়্যার হামলার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র সরকার।
চলতি বছরের এপ্রিলে র্যানসমওয়্যার অ্যান্ড ডিজিটাল এক্সটরশান টাস্কফোর্স গঠন করে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় (ডিওজে)। এমনকি ২০২১ সালকে র্যানসমওয়্যার হামলার সবচেয়ে বাজে বছর ঘোষণা করে ডিওজে।
গত জুনের দিকে ডিওজে জানায়, র্যানসমওয়্যার হামলায় ব্যবহূত সুপরিচিত ব্যাংকিং ট্রোজান ট্রিকবটের পেছনে থাকা বহুজাতিক সাইবার অপরাধ সংস্থার গুরুত্বপূর্ণ এক ব্যক্তিকে তারা গ্রেফতার করেছে। ৫৫ বছর বয়সী লাটবিয়ার ওই নাগরিকের নাম অ্যালা উইট। এর দিন কয়েক বাদে আরেকটি বিজয়ের কথা জানায় ডিওজে। ডার্কসাইড নামে র্যানসমওয়্যার হামলাকারী দলকে কলোনিয়াল পাইপলাইন বিটকয়েনে যে ২৩ লাখ ডলার দেয়, তা জব্দ করেছে তারা। কুখ্যাত র্যানসমওয়্যার গ্রুপের নেতাদের ধরতে সহায়তায় ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র সরকার।
টাস্কফোর্সের সবচেয়ে বড় সফলতা আসে গত অক্টোবরে। এ সময় তারা কুখ্যাত রেভিল র্যানসমওয়্যার গ্যাংয়ের তত্পরতা ঠেকিয়ে দিয়েছে। কৌঁসুলিরা জানান, কাসেয়ায় র্যানসমওয়্যার হামলায় জড়িত ২২ বছর বয়সী এক ইউক্রেনীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। এছাড়া র্যানসমওয়্যার গ্যাংয়ের কাছ থেকে ৬০ লাখ ডলারের মতো অর্থ জব্দ করেছেন তারা।
বিভিন্ন র্যানসমওয়্যার গ্রুপকে লক্ষ্য করে নেয়া যুক্তরাষ্ট্র সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। চেইনঅ্যানালাইসিস নামে এক বিশ্লেষক প্রতিষ্ঠান জানায়, আর্থিক লেনদেন ঠেকিয়ে দেয়া কিংবা জব্দ করার মাধ্যমে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পদক্ষেপ একটি বড় বিজয়।
তবে অনেকে মনে করছেন, সরকারের এ পদক্ষেপে কেউ কেউ হয়তো বিরত থাকবে কিন্তু এতে বড় অংকের আর্থিক লাভের যে সুযোগ রয়েছে, তাতে পিছু হটবে না র্যানসমওয়্যার গ্যাংগুলো।
আইটি নিরাপত্তা কোম্পানি কোয়ালিসের জোনাথন ট্রাল জানান, র্যানসমওয়্যার গ্যাংয়ের বিরুদ্ধে লড়াইটা অনেকটা অসম লড়াই। এজন্য যে অবকাঠামো ও কর্মী বাহিনী দরকার, তা সরবরাহ করতে পারছে না ডিওজে।
কোন মন্তব্য নেই