হবু শ্বশুরের সঙ্গে ইফতারে শাহিন আফ্রিদি
পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে দু'জন সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। একজন সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি অপরজন বর্তমান প্রজন্মের অন্যতম সেরা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। দুই আফ্রিদির পরিবার যে আত্মীয়তার সূত্রে বাধতে চলেছে তা বেশ আগেই জনসমক্ষে এসেছিল। স্বয়ং শাহিদ আফ্রিদি জানিয়েছিলেন তার বড় মেয়ের সাথে বিয়ে করবেন শাহিন আফ্রিদি। এবার হবু শ্বশুরের সঙ্গে একসঙ্গে ইফতারও করেছেন শাহিন।
শহীদ আফ্রিদির সঙ্গে ইফতার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন শাহিন। যেখানে দেখা যায়, ইফতার-সামগ্রী সামনে রেখে মোনাজাতে মশগুল তারা। ছবির ক্যাপশনে শাহিন লেখেন, 'লালার (পশতু ভাষায় লালা অর্থ বন্ধু বা ভাই) সঙ্গে ইফতার।'
শাহিন শাহর সঙ্গে আকসার বিয়ে ঠিক হয়ে গেলেও এখনই তারা পিঁড়িতে বসছেন না। পড়াশোনা শেষ করে তবেই বিয়ের পিঁড়িতে বসবেন আফ্রিদি কন্যা। তবে তার আগে আনুষ্ঠানিকভাবে বাগদান সেরে রাখা হবে।
২১ বছর বয়সী শাহিন আফ্রিদি ২০১৮ সালের এপ্রিলে টি-টোয়েন্টি খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান। একই বছরের ডিসেম্বরে টেস্ট ক্রিকেটেও অভিষেক হয় তার। এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ৯৪ ম্যাচে ২০১ উইকেট শিকার করেছেন তিনি।

কোন মন্তব্য নেই