ইউক্রেনে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলা হয়েছে : ডব্লিউএইচও
ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসাস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ পর্যন্ত ডব্লিউএইচও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর ১০৩টি হামলার ঘটনা যাচাই করেছে। এসব হামলায় ৭৩ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। এদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও রোগী রয়েছেন। তিনি এ ধরনের হামলাকে একটি ‘ভয়ানক মাইলফলক’ হিসেবে অভিহিত করেন।
খবরে বলা হয়, নিশ্চিত করা এসব হামলার মধ্যে ৮৯টি ঘটে স্বাস্থ্যসেবা সংক্রান্ত স্থাপনার ওপর এবং বাকি হামলার বেশিরভাগই অ্যাম্বুলেন্সসহ পরিবহণ সেবা লক্ষ্য করে চালানো হয়।
ডব্লিউএইচও প্রধান বলেন, ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর এমন অব্যাহত হামলার আমরা নিন্দা জানাই।’
তিনি আরো বলেন, এসব হামলা ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সামিল।’
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মারিউপোল নগরীতে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ বন্ধ করে দেয়ায় বুধবার রাশিয়াকে দায়ী করেছে। সেখানে ‘হাজারো’ মানুষের নিহত হওয়ার প্রমাণ আড়াল করতেই মস্কো এমন পদক্ষেপ নেয় বলে জেলেনস্কি উল্লেখ করেন।

কোন মন্তব্য নেই