ওয়্যারেবল ও ল্যাপটপের বাজারে প্রবেশ করবে টেকনো
দুবাইতে সম্প্রতি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফ্যান্টম এক্স২ স্মার্টফোন সিরিজ উন্মোচন করেছে টেকনো। জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতে ডিভাইসটি বাজারজাত করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও। এছাড়া প্রতিষ্ঠানটি শিগগিরই সেখানকার ওয়্যারেবল ও ল্যাপটপের বাজারে প্রবেশের কথাও ভাবছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
টেকনোর প্রধান নির্বাহী আরিজিত তালাপত্র নিশ্চিত করেন, ২০২৩-এর জানুয়ারিতে নতুন সিরিজের স্মার্টফোন বাজারজাত করা হবে। এছাড়া জানুয়ারির শেষ নাগাদ অনলাইন ও অফলাইন দুই ক্ষেত্রেই স্মার্টফোন কেনা যাবে। স্মার্টফোনের পাশাপাশি টেকনো তাদের নতুন ল্যাপটপ মেগাবুক এসওয়ানও উন্মোচন করেছে।
হালকা ওজনের ল্যাপটপটিতে ইনটেলের ১২ প্রজন্মের কোরআই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১১ রয়েছে। তালাপত্র বলেন, স্মার্টফোনের পাশাপাশি প্রতিষ্ঠানটি আগামী বছর ল্যাপটপ খাতে প্রবেশ করার পরিকল্পনা করছে। ২০২৩ সালে ভারতে মেগাবুক এসওয়ান উন্মোচন করা হতে পারে।
প্রতিষ্ঠানটি আফ্রিকায়ও তাদের ল্যাপটপ বাজারজাত করতে পারে বলে জানা গিয়েছে। ওয়্যারেবলের বাজারে প্রবেশের বিষয়ে তালাপত্র জানান, টেকনো শিগগিরই তাদের স্মার্টওয়াচ, ট্রু ওয়্যারলেস ইয়ারবাড (টিডব্লিউএস) ও হিয়ারেবল ডিভাইস উৎপাদন ও বাজারজাত শুরু করবে। তবে এগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তারিখের কথা জানানো হয়নি।

কোন মন্তব্য নেই